ডেস্ক রিপোর্ট : স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, পাঁচ থেকে দশ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা তার রয়েছে। মঙ্গলবার প্রকাশিত লেক্স ফ্রেইডম্যানের পডকাস্টে তিনি এ মন্তব্য করেছেন।
মঙ্গল গ্রহে কবে মানুষ পাঠাবে স্পেসএক্স জানতে চাইলে মাস্ক বলেন, সব কিছু ঠিক থাকলে পাঁচ বছরের মধ্যে আর যদি তা না হয় তাহলে ১০ বছর লাগতে পারে।
লাল গ্রহে মানুষের অবতরণের বিষয়ে উপস্থাপক আরও জানতে চাইলে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বলেন, মূলত এটি হলো যে যান মানুষ বহন করবে সেটির অগ্রগতি ঘটানো। ‘স্টারশিপ’ মহাকাশযানটি এ পর্যন্ত নির্মিত জটিল ও অত্যাধুনিক রকেট। এটি একেবারে পরের ধাপের।
তিনি বলেন, মূলত মঙ্গলে রকেট পাঠানোর খরচ এখন প্রধান চ্যালেঞ্জ।
স্পেসএক্স স্টারশিপ নামের যে মহাকাশযানের কথা মাস্ক তুলে ধরেছেন তা পৃথিবীর কক্ষপথ, চাঁদ ও মঙ্গল গ্রহে ক্রু ও কার্গো বহন করতে পারে।
কোম্পানিটির দাবি, যখন এটির কাজ শেষ হবে এটি হবে বিশ্বের শক্তিশালী মহাকাশযান যা পৃথিবীর কক্ষপথে ১০০ টন বহন করে নিয়ে যেতে পারবে।
শুধু স্পেসএক্স অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহে পৌঁছার চেষ্টা করছে না। যুক্তরাষ্ট্র সরকারেরও নজর রয়েছে লাল গ্রহে। ফেব্রুয়ারিতে গ্রহটিতে একটি রোভার মিশন পাঠিয়েছে নাসা। আরেকটি মিশন ২০২২ সালে পরিচালনা করা হবে। মার্কিন প্রশাসন এর আগে ২০৩০ সালের মধ্যে মঙ্গলপৃষ্ঠে মানব অভিযান পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক 




























