ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদাম ও একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দুর্বৃত্তরা একটি পিকআপভ্যানে আগুন দেয়। এতে পিকআপটি পুড়ে যায়।
পরে একই এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার ঝুট গুদামে আগুন দেয় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনরত শ্রমিকরা বাধা দেন।
পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়।
রোববার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় কমপক্ষে সাতজন পুলিশ সদস্য আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামে একটি কারখানার ঝুট গুদামে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে শ্রমিকদের বাধার মুখে তারা সেখানে পৌঁছাতে পারেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসাইন জানান, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 






















