ডেস্ক রিপোর্ট : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেলো স্বাগতিক ভারত। বুধবার (২২ মার্চ) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া ২১ রানে হারিয়েছে ভারতকে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে অজিরা। ওয়ানডে সিরিজ জিতে ভারত সফর শেষ করলেও এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো অস্ট্রেলিয়া।
চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। মারমুখী মেজাজে ইনিংস শুরু করেন দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ৬৫ বলে ৬৮ রান তুলেন তারা। হেডকে ৩৩ রানে থামিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন ভারতের পেসার হার্দিক পান্ডিয়া। তিন নম্বরে নামা ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথকে শূন্য রানে বিদায় করেন পান্ডিয়া। ৪৭ বলে ৪৭ রান করা মার্শকেও শিকার করেন পান্ডিয়া।
ভালো শুরুর পরও পাান্ডিয়ার তোপে ৮৫ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর বড় জুটি গড়ার চেষ্টা করেছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। বড় জুটি না হলেও চতুর্থ উইকেটে মার্নাস লাবুশেন ও ডেভিড ওয়ার্নার ৪০ এবং ষষ্ঠ উইকেটে ৫৮ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি ও মার্কাস স্টয়নিস। শেষ দুই ব্যাটার অ্যাস্টন আগার ১৭ ও মিচেল স্টার্ক ১০ রান করে পেসার মোহাম্মদ সিরাজের বলে আউট হন।
কোনো ব্যাটারের শতক কিংবা অর্ধ-শতক ছাড়াই ৪৯ ওভারে ২৬৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের পান্ডিয়া-কুলদীপ ৩টি করে উইকেট নেন। সিরিজ জয়ের জন্য ২৭০ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ভারতও। ৫৫ বলে ৬৫ রান যোগ করেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ১৭ বলে ২টি করে চার-ছয়ে ৩০ রান করে অ্যাবটের শিকার হন রোহিত।
রোহিত ফেরার কিছুক্ষণ পর ৪৯ বলে ৩৭ রানে আউট হন গিল। এতে ৭৭ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ৯৩ বলে ৬৯ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে রাখেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। রাহুলকে ৩২ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার জাম্পা। এরপর কোহলি হাফ-সেঞ্চুরি তুলে ৫৪, অক্ষর প্যাটেল ২, সূর্যকুমার যাদব শূন্য, হার্দিক পান্ডিয়া ৪০ ও রবীন্দ্র জাদেজা ১৮ রানে ফিরলেও লড়াই থেকে ছিটকে পড়ে ভারত। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ২৪৮ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার জাম্পা ৪ উইকেট নেন।

নিজস্ব প্রতিবেদক 


























