বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তৌসিফ মাহবুব অভিনীত ‘চক্র ২’। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে ড. হুমায়ূন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
দর্শকের এত আলোচনা উপভোগ করার বিষয়ে তৌসিফ বলেন, ‘চক্র ২’ সিরিজটি নিয়ে দর্শকের প্রতিটি পোস্ট, রিভিউ, আলোচনা এমনকী সমালোচনা- সবকিছুই আমার হৃদয়ের গভীরে গিয়ে বিঁধছে। কারণ, এটা আমার অনেক দিনের সাধনার কাজ।
আমার পরিশ্রম এভাবে স্বীকৃতি পাবে, সত্যিই কল্পনা করিনি। এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।
দর্শকদের প্রতিক্রিয়ায় তৃপ্ত এই অভিনেতা। তার কথায়, দর্শক প্রতিক্রিয়া প্রত্যাশার সীমা ছাড়িয়ে গেছে।
প্ল্যাটফর্ম অনুযায়ী যতটুকু সাড়া পাওয়ার কথা, তার থেকেও সিরিজটি অনেক অনেক বেশি সাড়া পেয়েছে। এবারের ঈদে সিনেমার পাশাপাশি যদি কোনো কনটেন্ট আলোচনায় থাকে, সেটি ‘চক্র ২’। ওয়েব সিরিজ হিসেবে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। এটা একটু ভিন্ন ধারার এবং মাত্রার কাজ, দর্শকরা যেভাবে কাজটিকে এবং আমাকে গ্রহণ করেছে তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
‘চক্র ২’-এর পর নতুন কিস্তি নির্মাণ হচ্ছে। এ বিষয়ে তৌসিফ বলেন, ‘চক্র ২’ করার আগেই আমরা ধারাবাহিকভাবে এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলাম। সিরিজের শেষে ‘চক্র ৩’-এর ঘোষণাও দেওয়া আছে। ভবিষ্যতে আরো সিজন আসবে কি না, সেটাই এখন প্রশ্ন।
ড. হুমায়ূন চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে তৌসিফ বলেন, যারা সিরিজটি দেখেননি, তারা হয়তো ভাবছেন হুমায়ূন একজন ডক্টর। কিন্তু চরিত্রটি একের ভেতর অনেক। এটিকে পর্দায় ফুটিয়ে তুলতে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে, প্রস্তুতি নিতে হয়েছে। গল্প শোনার পর চরিত্রটি সম্পর্কে জানার পর আমি সেটা নিয়ে হোমওয়ার্ক করতে শুরু করি। শয়তান কিংবা শয়তানের বংশধরের চরিত্র হলেও কোনো ‘এভিল’ সংলাপ ছাড়া, একদম ফেরেশতার বেশে এটা ফুটিয়ে তুলতে আমার বেশ পরিশ্রম করতে হয়েছে। এর জন্য অবশ্যই ভিকি জাহেদের কাছে কৃতজ্ঞ। তার কারণেই চরিত্রটি ড. হুমায়ূন হয়ে উঠতে পেরেছে।
নাটকে টানা কাজের পর এখন খানিটকা কমিয়ে দিয়েছেন তৌসিফ। তিনি চান যে কাজটা করুক না কেন সেই চরিত্র ভালোভাবে পর্দায় উপস্থাপন করতে। তার মতে সেটার একটি উদাহারণ ‘চক্র ২’। ফলে সামনে এই ধারাবাহিকতা ধরে রেখে আগামীতে এর চেয়েও অনেক ভালো কাজ উপহার দিতে চান তিনি।
তৌসিফের সমসাময়িক অনেকেই বড় পর্দায় কাজ করছেন। সিনেমায় কাজের বিষয়ে এই অভিনেতা বলেন, সিনেমা অনেক বড় দায়িত্বের জায়গা। শুধু পর্দায় এসে চেহারা দেখানোর জন্য সিনেমায় কাজ করতে চাই না। আমি এখনো নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করি না। যখন মনে হবে, সিনেমার সব দিক বুঝতে পেরেছি এবং দায়িত্ব নিয়ে কাজ করতে পারব, তখনই বড় পর্দায় আসব। দর্শকের আস্থা যখন আরো দৃঢ় হবে, তখনই সেই সিদ্ধান্ত নেব।

নিজস্ব প্রতিবেদক 


























