ডেস্ক রিপোর্ট :: জন্মদিনটা এর চেয়ে সুন্দর আর কীভাবেই বা কাটতে পারে! মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর জন্মদিনে বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে শুভেচ্ছা জানিয়েছে ইংলিশ কাউন্টি দল কেন্ট। নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদের ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ক্লাবটি।
খালেদের ছবি পোষ্ট করে কেন্ট লিখেছে, শুভ জন্মদিন খালেদ আহমেদ।
কেন্টে যোগ দেওয়ার পর থেকেই বল হাতে নজর কাড়ছেন খালেদ।
গত ১৫ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাত্র ৯৪ রান দিয়ে ৮ উইকেট নেন এই ডানহাতি পেসার। নয়টি মেডেনও ছিল তার বোলিংয়ে।
কেন্টের হয়ে এটিই ছিল খালেদের প্রথম পাঁচ উইকেটের কীর্তি। প্রথম ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষ তিন উইকেটের পাশাপাশি দুই ইনিংসে ব্যাট হাতে ১০ ও ১ রানে অপরাজিত ছিলেন খালেদ।
ল্যাঙ্কাশায়ারের ১৬১ রানে অলআউট হওয়ার পেছনে বড় অবদান ছিল খালেদের। প্রথম ইনিংসের শুরুতে কেইটন জেনিংসকে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। এরপর রকি ফ্লিনটফকে শূন্য রানে ফেরানোর পাশাপাশি ম্যাটি হার্স্টকেও আউট করেন। শেষ দিকে টানা দুই বলে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরও ৫ উইকেট।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য খালেদকে দলে নেয় কেন্ট। ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে তার নামের পাশে ছিল ১৯০ উইকেট। কাউন্টিতে ২ ম্যাচে ১১ উইকেট নিয়ে খালেদের উইকেট সংখ্যা এখন ২০১।
হাসান মাহমুদ জাতীয় দলের ব্যস্ততার কারণে কেন্ট ছেড়ে দেশে ফেরার পর তাঁর জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান খালেদ। সেই সুযোগটাও দারুণভাবে কাজে লাগাচ্ছেন বাংলাদেশের এই পেসার।
আজ ২০ সেপ্টেম্বর খালেদের জন্মদিন। বিশেষ এই দিনে কেন্টের শুভেচ্ছা তাই খালেদের দারুণ কাউন্টি পারফরম্যান্সের আনন্দকে আরও বাড়িয়ে দিল।

নিজস্ব প্রতিবেদক 





















