ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিংয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দায়িত্ব দিলে তা নিতে প্রস্তুত তিনি।
বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন সুজন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে নিজের অবস্থান জানান তিনি।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘কোচিংই আমার জীবিকা। বোর্ড যদি মনে করে আমি এই দায়িত্ব পালনে সক্ষম এবং আমাকে প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই দায়িত্ব নেব।
’
জাতীয় দলের সঙ্গে এর আগেও কোচিংয়ে কাজ করেছেন সুজন। তবে কখনো নির্দিষ্ট মেয়াদে প্রধান কোচের দায়িত্ব পালন করেননি তিনি।
এবার সুযোগ পেলে জাতীয় দলের কোচিংয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাবেক এই ক্রিকেটার।
তবে আপাতত গেম ডেভেলপমেন্ট কনসালট্যান্ট হিসেবে নিজের দায়িত্বেই মনোযোগ দিচ্ছেন সুজন। এই পদে কাজ করার সুযোগ দেওয়ায় বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘সভাপতি আমাকে গেম ডেভেলপমেন্ট কনসালট্যান্টের দায়িত্ব দিয়েছেন। সম্ভবত তিনি মনে করেছেন, এখানে আমি অবদান রাখতে পারব। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব।’
এদিকে জাতীয় দলের বর্তমান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছে এমন আলোচনা উড়িয়ে দিয়েছেন সুজন। দুজনের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের বলে জানান তিনি, ‘মানুষ এসব বলে। কিন্তু সমস্যা কোথায়? সালাহউদ্দিন আর আমি এভাবে চিন্তা করি না। আমরা ছোটবেলা থেকেই একে অপরকে চিনি। একসঙ্গে খেলেছি, পরে কোচিংয়েও এসেছি। আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল।’
সালাহউদ্দিনের কোচিংয়ের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সে কোচ হিসেবে অনেক পরিণত হয়েছে এবং এখন আরও বড় পর্যায়ে কোচিং করাচ্ছে। আমাদের মধ্যে কখনো কোনো সমস্যা হয়েছে বলে মনে করি না। আমরা সবসময় কথা বলি, ফোনে যোগাযোগ করি। কখনো সে চ্যাম্পিয়নশিপ জিতেছে, কখনো আমি জিতেছি। এতে তো সম্পর্ক নষ্ট হওয়ার কথা নয়। বরং সে ভালো করলে আমি খুশি হই।’

নিজস্ব প্রতিবেদক 


























