ডেস্ক রিপোর্ট : নিগার সুলতানা জ্যোতির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের পর বাংলাদেশ নারী দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম আলোচনায় এগিয়ে রয়েছে।
চলমান এশিয়ান গেমস শেষ হওয়ার পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।
ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দেওয়ার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বোর্ডকে ই-মেইলে জানিয়েছেন নিগার।
২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নেওয়ার পর এই সংস্করণে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন নিগার।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় আসে তার নেতৃত্বেই।
তবে সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত থাকলেও পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ ২-১ ব্যবধানে। এরপর স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও মিশ্র ফল পেয়েছে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
জ্যোতি সরে যাওয়ায়র সিদ্ধান্ত নেওয়ায় নাহিদা ও সোবহানাকে সম্ভাব্য নেতৃত্বের জন্য বিবেচনা করছে বিসিবি। বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী, বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে তাদের অবস্থান বিবেচনায়।’
তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ কাউকে নেতৃত্বে গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রাখতে পারে বিসিবি। বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খান ও অলরাউন্ডার স্বর্ণা আক্তারের নামও সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। যদিও এই মুহূর্তে তাদের কাউকে দায়িত্ব দেওয়া কিছুটা আগেভাগে হয়ে যেতে পারে এমন ধারণা রয়েছে বোর্ডের ভেতরে।
এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী দলের কোচিং সেটআপেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমান প্রধান কোচ সারোয়ার ইমরানের জায়গায় সাবেক বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ ডেভিড হেম্পকে আনার আলোচনা চলছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক 






















