ডেস্ক রিপোর্ট : একের পর এক সিনেমাতে যুক্ত হচ্ছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এই মুহূর্তে টলিপাড়ার সবচেয়ে ব্যস্ত নায়িকা তিনি। সম্প্রতি দুটো সিনেমার শুটিং শেষ করেছেন। এর মধ্যে জানা গেছে, দেবের সঙ্গে সৃজিতের নতুন সিনেমাতেও দেখা যাবে তাকে।
শুক্রবার (১৪ জুলাই) নতুন সিনেমার মহরত করলেন রুক্মিণী। তবে এবার তার সঙ্গী দেব নন, টলিউডেরই আরেক সুপারস্টার জিতের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘বুমেরাং’। সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করেছেন এ নায়িকা।
এদিন রুক্মিণীকে একটি ক্রিম রঙের শাড়ি এবং হালকা সোনার গয়নায় সাজতে দেখা যায়। অন্যদিকে জিতের পরনে ছিল মাল্টি কালারের একটি শার্ট এবং জিন্স। তাদের সিনেমাটির ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায়।
খবর অনুযায়ী, জিতের নতুন সিনেমা ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায় চৌধুরী। আর এই সিনেমাতে জিতের সঙ্গে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জিৎ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।
প্রসঙ্গত, জিতের হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে দেবচন্দ্রিমার। এর আগে তাকে ‘সাহেবের চিঠি’, ‘সাঁঝের বাতি’ ইত্যাদি ধারাবাহিকে দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক 


























