ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে এবার উত্তপ্ত ভারত-পাকিস্তান। যার প্রভাব পড়তে পারে মাঠে। খেলা শেষে ছড়াতে পারে উত্তেজনা। দু’দেশ ছাড়িয়ে হিন্দু-মুসলিম সংঘর্ষের আশঙ্কা ইংল্যান্ডের লেস্টার সিটিতে।
মাঠের বাইরে বাবর আজম-বিরাট কোহলিদের গলায় গলায় ভাব। রাজনীতিবিদরা কবে বুঝবেন? পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত। বিসিসিআই’র নয়া সভাপতি রজার বিনির কথায় পরিষ্কার। পেছনে কলকাঠি নাড়ে সরকার। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরতো বলেই দিয়েছেন, ভারত কারো কথা শুনবে না।
কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়। পাকিস্তানও হুমকি দিয়ে রেখেছে বিশ্বকাপ না খেলার। আপাতত সীমান্তে গোলাবারুদের গন্ধ না থাকলে কি হবে! উত্তপ্ত ক্রিকেট রাজনীতি।
হায়দরাবাদের মুসলিম রাজনৈতিক আসাদ উদ্দিন ওয়াইসির প্রশ্ন। কেন পাকিস্তানের সঙ্গে খেলছে ভারত? প্রতিবেশি দেশে গিয়ে যদি নাই খেলা হবে তাহলে কোথাও খেলা উচিত নয়।
ভারত-পাকিস্তান সমর্থকদের পাগলামি ছড়িয়ে গেছে দেশের বাইরেও। এশিয়া কাপ ম্যাচের পর হিন্দু-মুসলিম সংঘর্ষ হয়েছিল ইংল্যান্ডের লেস্টার সিটিতে। সে ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল। তারপর থেকে চিন্তায় ব্রিটিশ পুলিশ।
নবরাত্রি আর দিওয়ালি উৎসব। সঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ। দিনটাও রোববার। এবার তাই পুলিশের আগাম প্রস্তুতি। বাড়তি সতর্কতা।
তবে সাম্প্রতিক সময় পাক-ভারত ম্যাচ বেশি হচ্ছে বলে বিতর্ক কিছুটা কমছে। দু’দেশের সাবেক ক্রিকেটাররাও একরকম নিশ্চুপ। তাদের আলোচনার ইস্যু শুধু মাঠের খেলা।
ভারতীয় ক্রিকেটে ঠোঁটকাটা বলে পরিচিত গৌতম গম্ভীর। সাক্ষাৎকারে কোহলি-রোহিতকে নিয়ে প্রশ্ন শুনে রেগে আগুন। বরাবরই তার অপছন্দ তারকা বন্দনা। বললেন, সুর্যকুমার যাদবের উপর চোখ রাখতে। ঋশব পন্তকে বসিয়ে রেখে দিনেশ কার্তিককে খেলানোর বিপক্ষে তিনি।
ভারত-পাকিস্তান ম্যাচ যেমন বিনোদন। লাভের অংকটাও বেশি। বিখ্যাত এমসিজিতে এ ম্যাচটাকে টার্গেট আয়োজক অস্ট্রেলিয়ার।

নিজস্ব প্রতিবেদক 




























