ডেস্ক রিপোর্ট : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সংস্কার এজেন্ডা এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ইইউ মিশন জানায়, ঐতিহাসিক সংসদ নির্বাচনের একদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস, ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের প্রধান টমাস জেডেচোভস্কি, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য লুকাস ম্যান্ডল, লরান্ট ভিঞ্চে, লেইরে পাজিন, সার্বান দিমিত্রি স্টার্ডজা, মাইকেল ম্যাকনামারা, ক্যাটারিনা ভিয়েরা, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন বিলে হারম্যান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়নে স্বাধীনভাবে কাজ করছে। প্রায় ২০০ সদস্যের এই প্রতিনিধি দলে ইইউ পার্লামেন্টের সদস্যরাও যুক্ত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 






















