ডেস্ক রিপোর্ট::হতাশায় মোড়া বিশ্বকাপ শেষে উইন্ডিজ সফর দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণা করেছিলেন জস বাটলার। কিন্তু উল্টো বিশ্বকাপ পরবর্তী অভিযাত্রা শুরু করতে হলো নিদারুণ হার দিয়ে। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শেই হোপের অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের কাছে ৪ উইকেটে হেরেছে ইংল্যান্ড।
রবিবার রাতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। হ্যারি ব্রুকের ৭১ রানের ইনিংসে ভর করে বোর্ডে ৩২৫ রান জড়ো করে তারা। জবাবে অধিনায়ক শেই হোপের দূর্দান্ত সেঞ্চুরি ও অ্যালিক আথানাজের ফিফটিতে ৭ বল বাকি থাকতেই অনায়াসে লক্ষ্যে পৌঁছায় উইন্ডিজ।
ইংল্যান্ডের হ্যারি ব্রুক ৭২ বলে ৭১ রানের ইনিংস খেলেন। জ্যাক ক্রলির ব্যাট থেকে আসে ৪৮ রান। ফিল সল্ট করেন ৪৫। ব্যাট হাতে বাটলার ব্যর্থ হলেও লোয়ার অর্ডারে স্যাম কারেনের ৩৮ ও ব্রায়ডন কার্সের ৩১ রানের সুবাদে তিনশ পেরোনো সংগ্রহ পায় ইংলিশরা। উইন্ডিজ বোলারদের মধ্যে গুদাকেশ মোতি, ওশান থমাস ও রোমারিও শেফার্ড দুটি করে উইকেট নেন।
৩২৬ রানের লক্ষ্যে নেমে শতরানের উদ্বোধনী জুটি গড়েন আথানাজে ও ব্র্যান্ডন কিং। ৩৫ রান করেন কিং। তবে ফিফটি তুলে নেন আথানাজে। ৬৫ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এর পর উইন্ডিজকে জয়ের বন্দরে নিয়ে যান শেই হোপ। শেষ ১০ ওভারে ১০৬ রান সংগ্রহ করে উইন্ডিজ। লক্ষ্য তাড়ায় যা দ্বিতীয় সর্বোচ্চ। ৮২ বলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করে ৮৩ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন।
শিমরন হেটমায়ার ৩০ বলে ৩২ রান করেন। রোমারিও শেফার্ডের ২৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস কার্যকর ভূমিকা রাখে জয়ে। ইংলিশ বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন ও রহোন আহমেদ দুটি করে উইকেট পান। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজরা।

নিজস্ব প্রতিবেদক 




























