ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করে বরাবরের মতোই বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন জাপানি ফুটবল সমর্থকরা। তবে এবার এই ঐতিহ্যবাহী অভ্যাসটি তাদের নিজেদের দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছে।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল ‘ব্লু সামুরাই’ (জাপান দল)। সেই ম্যাচ শেষে গ্যালারিতে জাপানি পুরুষদের আবর্জনা পরিষ্কারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এই বিতর্কের সূত্রপাত হয়।
নেটিজেনদের একাংশ এই অভ্যাসের ভেতরের এক চরম বৈপরীত্য তুলে ধরেছেন। যে পুরুষরা জনসমক্ষে নিজেদের ময়লা পরিষ্কার করছেন, তারাই ঘরের সমস্ত কাজের বোঝা চাপিয়ে দিচ্ছেন নারীদের ওপর।
সম্প্রতি জাপানের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়। সেখানে পাশাপাশি দুটি ছবি জোড়া দেওয়া হয়েছিল।
একপাশে দেখা যায়, এক ব্যক্তি স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করছেন; আর অন্যপাশের ছবিতে দেখা যায়, সেই একই ব্যক্তি ঘরে কাপড় ধোয়ার ঝুড়ির পাশে সোফায় শুয়ে মোবাইল টিপছেন, আর একজন নারী রান্নাঘরে বাসন মাজছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ৬০ হাজার লাইক পাওয়া এবং অন্য একটি সংস্করণে প্রায় ১৯ লাখ বার দেখা এই পোস্টে বলা হয়, জাপানি পুরুষদের ‘ঘরে আরও বেশি সাহায্য করা উচিত।’ এতে দাবি করা হয়, গৃহস্থালি কাজে জাপানি পুরুষদের সময় দেওয়ার হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন।
আমেরিকান লেখক পি. জে. ও’রোর্কের একটি উক্তি টেনে একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সবাই পৃথিবী বাঁচাতে চায়, কিন্তু কেউ তার মাকে বাসন মাজতে সাহায্য করতে চায় না।’
অন্য একজন লিখেছেন, ‘যারা সেখানে আবর্জনা পরিষ্কার করছেন, তাদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ আছেন যার ঘরে ছোট বাচ্চা রয়েছে এবং তিনি স্ত্রীকে বাচ্চার দেখভালের দায়িত্বে একা রেখে নিজে বিশ্বকাপ দেখতে এসেছেন।’
জনসমক্ষে নিজের আবর্জনা নিজে পরিষ্কার করার বিষয়টি জাপানি সংস্কৃতির গভীরে প্রোথিত। কিন্তু যখন ঘরের কাজের কথা আসে, তখন উন্নত দেশগুলোর মধ্যে জাপানি পুরুষদের অবস্থান সবার নিচে।
আর্থিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার ২০২১ সালের তথ্য অনুযায়ী, জাপানি নারীরা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টারও বেশি সময় অবৈতনিক (গৃহস্থালি) কাজে ব্যয় করেন, যা পুরুষদের তুলনায় ৫ গুণেরও বেশি। অন্যদিকে, পুরুষরা ঘরের কাজে দিনে মাত্র ৪৭ মিনিট সময় দেন।
জাপানের ক্যাবিনেট অফিসের দেওয়া ওই ওউসিডি তথ্যমতে, কেনাকাটা, গৃহস্থালি কাজ এবং পরিবারের যত্ন নেওয়ার মতো বিষয়ে নারীরা পুরুষদের চেয়ে ৫.৫ গুণ বেশি সময় ব্যয় করেন।
তরুণ পরিবারগুলোর ক্ষেত্রে এই বৈষম্য আরও প্রকট। ২০২১ সালের জাপান সরকারের এক জরিপে দেখা গেছে, যেসব কর্মজীবী দম্পতির ৬ বছরের কম বয়সী সন্তান রয়েছে, সেখানে নারীরা প্রতিদিন গৃহস্থালি কাজে ৭ ঘণ্টারও বেশি সময় দেন, যেখানে পুরুষরা দেন ২ ঘণ্টারও কম।
জাপানের এই লিঙ্গ বৈষম্যের হার যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক বেশি। এই দেশগুলোতে অবৈতনিক গৃহস্থালি কাজে নারীরা পুরুষদের তুলনায় যথাক্রমে ১.৮ গুণ, ১.৭ গুণ এবং ১.৬ গুণ বেশি সময় ব্যয় করেন।
কেউ কেউ আবার একে একধরনের ভণ্ডামি হিসেবেও সমালোচনা করেছেন। তাদের মতে, বিদেশে গিয়ে আবর্জনা পরিষ্কার করা হলেও জাপানের নিজস্ব বড় বড় অনুষ্ঠানগুলোর পর জনসমক্ষে প্রচুর ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়।
তবে এর বিপরীতে ভিন্ন মতও রয়েছে। অনেকের মতে, জাপানি সমর্থকদের এই অভ্যাসকে সমালোচনা না করে বরং উৎসাহিত করা উচিত। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘এতে লজ্জার কী আছে? ‘জাপানিরা বিদেশের পরিবেশ নোংরা করছে’ এমন সংবাদের চেয়ে এটি অনেক ভালো।’
জাপানিদের এই ইতিবাচক অভ্যাস এখন অন্য দেশের সমর্থকদেরও অনুপ্রাণিত করছে। সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে, পর্তুগিজ সমর্থকরাও ম্যাচ শেষে বড় প্লাস্টিকের ব্যাগে গ্যালারির ময়লা সংগ্রহ করছেন, যার কৃতিত্ব নেটিজেনরা জাপানিদেরই দিচ্ছেন।
ফিফা তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গ্যালারি পরিষ্কার রাখার জন্য জাপানি সমর্থকদের ‘অনবদ্য শিষ্টাচার’-এর ভূয়সী প্রশংসা করেছে। নীল জার্সি পরা পুরুষদের আবর্জনা পরিষ্কারের এই ছবিগুলো অনলাইনে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
তবে ভাইরালে হওয়া পোস্টটি নিয়ে বিতর্ক থামছে না। একজন ব্যবহারকারী রসাত্মক সুরে লিখেছেন, ‘যেসব স্ত্রীরা ঘরের কাজ না করা স্বামীদের নিয়ে ভুক্তভোগী, তাদের উচিত স্বামীদের ঘরেও সামুরাইদের জার্সি পরিয়ে রাখা।’
অবশ্য অপর একজন লিখেছেন, ‘এটি অতিরিক্ত সাধারণীকরণ হয়ে যাচ্ছে। সব জাপানি পুরুষ একরকম নন।’
মেক্সিকোতে তিউনিসিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের প্রাক্কালে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু জানান, বিশ্বকাপে নিজেদের জায়গা পরিষ্কার রাখার মাধ্যমে জাপানি সমর্থকরা বিশ্বজুড়ে যে সুনাম তৈরি করেছেন, তা নিয়ে তিনি গর্বিত; তবে তা যেন পরিচ্ছন্নতা কর্মীদের চাকরি কেড়ে না নেয়।
মোরিয়াসু বলেন, ‘আমি মনে করি এটি জাপানি সংস্কৃতির এমন একটি অংশ যা নিয়ে আমরা বিশ্বের দরবারে গর্ব করতে পারি।’
এই পরিচ্ছন্নতার অভ্যাস জাপানি দলের মধ্যেও দেখা গেছে, যারা ডালাস কাউবয় স্টেডিয়ামের ড্রেসিংরুম ম্যাচ শেষে একদম নিখুঁতভাবে পরিষ্কার করে রেখেছিল। তবে এর একটি নেতিবাচক দিকও থাকতে পারে বলে স্বীকার করেছেন কোচ।
তিনি বলেন, ‘আমি ব্রাজিলিয়ান খেলোয়াড়, কোচ এবং বিভিন্ন দেশের মানুষের সাথে মিশেছি, তারা সবাই একটি ভিন্ন দিক তুলে ধরেছেন। তারা বলেছেন যে, সমর্থকরা যদি সব ময়লা কুড়িয়ে পরিষ্কার করে ফেলেন, তবে যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন তাদের চাকরি কি ঝুঁকির মধ্যে পড়বে না? তাই আমি মনে করি, বিষয়টি দেখার অন্য একটি দৃষ্টিভঙ্গিও রয়েছে।’

নিজস্ব প্রতিবেদক 





















