ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন। দিল্লি থেকে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন।
মরিশাসের রাজধানী পোর্ট লুইসে আগামী ১০-১২ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এতে যোগ দেবেন ড. খলিলুর রহমান। তবে এই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দিল্লি যাবেন।
সূত্র জানায়, দিল্লি সফরের প্রথম দিন ৭ এপ্রিল বিকেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।
দ্বিতীয় দিন ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান।
এ ছাড়া একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গেও বৈঠক করবেন তিনি।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে সফরসঙ্গী হচ্ছেন। ৯ এপ্রিল দুপুরে মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত বছরের ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে দিল্লি সফরে গিয়েছিলেন ড. খলিলুর রহমান।
সে সময় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গত ২৪ ফেব্রুয়ারি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে জেদ্দা সফরে যান। এরপর তিনি ১৪ মার্চ তুরস্ক হয়ে যুক্তরাষ্ট্র সফর করেন।

নিজস্ব প্রতিবেদক 























