মো. ফাহাদ আহমদঃ ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তাসহ একটি ট্রাক গাড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ঐ ট্রাক গাড়িটিকে আটক করে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।
জানা যায়, মহাসড়ক এলাকাধীন মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর সিটি কমিউনিটি সেন্টারের সামনে হাইওয়ে পুলিশ একটি বালু বুঝাই ট্রাক (ঢাকা মেট্টো-ট: ২০-৮১৫৩) গাড়িকে থামানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ঐ ট্রাক গাড়ির চালক পুলিশের সিগন্যাল অমান্য করে গাড়িটিকে শেরপুর বাজার যাত্রী ছাউনির সামনে রেখে চালক ও চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশ ঐ গাড়িটিকে আটক করে ২৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব ২৪০ বস্তা চিনিসহ একটি ট্রাক গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক 






















