ডেস্ক রিপোর্ট : অনুশীলন করতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে চোট কাটিয়ে আগামী তিন দিনের মধ্যে তার সেরে ওঠার আশা করছেন বিসিবির চিকিৎসকরা।
সবকিছু পরিকল্পনামতো এগোলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টেই ফিরতে পারেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার।
মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পান মুশফিক।
এরপর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। তবে আজ সকাল পর্যন্ত চোটের জায়গায় তেমন উন্নতি হয়নি।
আঙুলে এই চোটের কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মুশফিকের চোটের বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে মুশফিকুর রহিম।
এরপর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটি আঘাতজনিত চোট। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে সে সেরে উঠবে। পরের টেস্টে সে খেলতে পারবে।’
মুশফিকের চোট নিয়ে আপাতত বড় কোনো দুশ্চিন্তা না থাকলেও পরের টেস্টের আগে তার সুস্থ হয়ে ওঠাটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাটিংয়ে অভিজ্ঞতার অন্যতম ভরসা তিনি। ঢাকা টেস্টে তার বদলে একাদশে নেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে।

নিজস্ব প্রতিবেদক 





















