ডেস্ক রিপোর্ট : লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় ঘনিয়ে আসছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।
তার আগে মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা ও এক ধরনের আফসোসের কথা জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
এশিয়ান চ্যানেল ‘মিগু’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘২২ বা ২৩ বছর বয়সের মেসি ছিল একজন অনন্য ফুটবলার।
সে আমাদের দলেও দারুণ খেলেছে। তবে আমার আফসোস, যদি তাকে আরও কম বয়সে পেতাম! সে অনন্য, সে অদ্বিতীয়।
’
২০১৮ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে একের পর এক সাফল্য পেয়েছে দলটি। সব মিলিয়ে আর্জেন্টিনার সোনালি সময়ের অন্যতম কারিগর এই কোচ।
তবে ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেননি তিনি।
দলের নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ওরা সত্যিই এটি অর্জন করেছে। সামনের ম্যাচগুলোতে এটাই আমাদের উদ্দেশ্য, তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার ধারার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া। এখন একটি রোমাঞ্চকর সময় শুরু হয়েছে। দরজায় কড়া নাড়া এই তরুণদের ওপর আস্থা রাখার সময়।’
স্কালোনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করব, আমরা এখানে থাকি বা না থাকি। সেটি বড় কথা নয়। মানুষ এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছে, যা দারুণ এক বিষয়। তবে এই অর্জনগুলো পুনরাবৃত্তি করা সহজ হবে না। তবুও আমরা অবশ্যই চেষ্টা করব।’
সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন স্কালোনি। তার মতে, আগের বিশ্বকাপের তুলনায় এবার দলকে বেশি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক খেলোয়াড় পুরোপুরি ফিট না থাকলেও তাদের ওপর আস্থা রাখতে হয়েছে।
এ প্রসঙ্গে আর্জেন্টিনার এই কোচ বলেন, ‘আমরা আগের বিশ্বকাপে অনেক ভালো অবস্থায় গিয়েছিলাম। তখন ৯৫ শতাংশ খেলোয়াড় তাদের সেরা ফর্মে ছিল। তবে এবার আমাদের অনেক কঠিন ও হিসেবি সিদ্ধান্ত নিতে হয়েছে। খেলোয়াড়রা শতভাগ ফিট না থাকলেও আমরা তাদের ওপর ভরসা রেখেছি।’
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর দুই দলের সমর্থকদের মধ্যে তৈরি হওয়া উত্তাপ নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ, ‘আমরা ভ্রাতৃপ্রতিম দেশ। হাতে গোনা তিন-চারজন মানুষের মন্তব্যের কারণে এই সম্পর্ক মলিন হতে পারে না। রানার্সআপ হওয়ার পরও মানুষ যেভাবে রাস্তায় নেমে উদযাপন করেছে, সেটি এক ধরনের বিজয়।’

নিজস্ব প্রতিবেদক 





















