আন্তর্জাতিক ডেস্ক :: শুক্রবার (১৫ মে) নয়াদিল্লিতে ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
তেহরানের সঙ্গে ‘যুদ্ধে লিপ্ত’ থাকা দেশগুলো ছাড়া বাকি সব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
ব্রিকস (BRICS) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক উপলক্ষে ভারত সফরে আছেন তিনি।
হরমুজ প্রণালী নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করলে তেহরানের সঙ্গে ‘যুদ্ধে লিপ্ত’ থাকা দেশগুলো ছাড়া বাকি সব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে।
বিশ্ব জ্বালানি ও পণ্য বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের চারপাশের পরিস্থিতি ‘খুবই জটিল’ বলেও মন্তব্য করেন তিনি।
আরাগচি আরও বলেন, আশা করি যে, আলোচনার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা একটি ভালো সিদ্ধান্তে পৌঁছাব, যাতে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিরাপদ করা যায় এবং আমরা এই প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারি।
এদিকে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে আব্বাস আরাগচি বলেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করকে জানিয়েছেন, হরমুজের নিরাপত্তা রক্ষাকারী হিসেবে ইরান সবসময় তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।
তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় একমত হয়েছেন তেহরানকে অবশ্যই এই প্রণালীটি পুনরায় খুলে দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক 






















