রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কেওলা গ্রামের আওয়ামী লীগ নেতা আসুক মিয়ার কাশেম বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (০৪ এপ্রিল) বিকালে “ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব রাজনগরে থাকতে দেওয়া হবে না” স্লোগান দিয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন ও সাধারন সম্পাদক আব্বাস আলীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন স্থানীয় নেতাকর্মী আসুক মিয়ার দোকান ঘিরে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের অন্য এক দোকানদার জানান, মতিউর রহমান, পিন্টু সুলতান, সোহেল মিয়া, সিরাজ আলী, আলী আকবর, পিকার আহমদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন আসুক মিয়ার বন্ধ দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় এবং আসবাবপত্র ভাঙচুর করে বাইরে ফেলে দেয়। এ সময় আশপাশের কয়েকজন দোকানদার বাধা দিতে গেলে প্রাণনাশের ভয়ে তারা পিছু হটতে বাধ্য হন।
ঘটনার পর হামলাকারীরা দোকানের সামনে “স্থানীয় বিএনপি কার্যালয়” লিখে পোস্টার সাঁটিয়ে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী আসুক মিয়ার স্ত্রী মজনুন বেগম বলেন, “বিএনপির সন্ত্রাসীদের ভয়ে আমি দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতে পারছি না। আমার স্বামী দীর্ঘদিন ধরে জেল হাজতে আছেন, জামিন পাচ্ছেন না। অনেক কষ্টে একবার জামিন পেলেও পুলিশ সাথে সাথে আরেকটি মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে আবার জেলে পাঠিয়ে দিয়েছে। এখন আমাদের দোকানটিও তারা দখল করে নিল।”
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিজস্ব প্রতিবেদক 






















