আবিদ হোসাইন::মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সালমান মিয়া নামের এক কৃষকের মিষ্টি কুমড়া কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর ) রাতের আঁধারে উপজেলার কোনাগাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে৷
গ্রামবাসীর থেকে জানা যায়, কৃষক সালমান মিয়ার নিজস্ব কোনো জমি নেই। তিনি অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন। এবারও চলতি মৌসুমে তিনি তার বর্গা নেয়া ৩০ শতাংশ জমির উপর মিষ্টি কুমড়া চাষ করেন। গতকাল মঙ্গলবার রাতে তার রোপণকৃত ওই ৩০ শতাংশ জমির সমস্ত মিষ্টি কুমড়ার গাছ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে জানা যায় কৃষক সালমান মিয়ার ৫ ভাই ৩ বোন নিয়ে অভাব অনটনের সংসার তাদের। পরিবারে বাবা না থাকায় ফসিল জমিতে চাষাবাদ করে কোনোমতে জীবনযাপন করছে এই পরিবারটি।
কৃষক সালমান মিয়া’র মা সামারুন বেগম বলেন, আমার ছেলে সকালে জমি দেখার জন্য জমিতে গিয়ে দেখে তার সমস্ত মিষ্টি কুমড়ার গাছ কাটা। কে বা কাহারা কেটেছে আমার ছেলে বলতে পারে না, সে এলাকার অন্য এক লোকের জমিতে বর্গা চাষ করে।
তিনি আরও বলেন আমার ছেলের কষ্টের ফসল যারা কেটেছে তাদের বিচার আমি চাই।
স্থানীয় একজন বলেন, সালমান মিয়া একজন সাধারণ কৃষক, সে অন্যের জমি বর্গা নিয়ে দিনরাত পরিশ্রম করে চাষাবাদ করছে। তার রোপণ কৃত জমির মিষ্টি কুমড়ার গাছ কেটে যারা এ জগন্য কাজ করেছে আমরা তাদের বিচার চাই।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সেলু বলেন, আমি এই ঘটনাটি শুনেছি। যারা এই কাজ করেছে তাদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক 
























