বিকুল চক্রবর্তী : মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধের কারণে শ্রীমঙ্গলের ওপর দিয়ে চলাচলকারী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে যাত্রী ওঠানামার সুযোগ বন্ধ রয়েছে। এতে শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মধ্যে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের পাশাপাশি পর্যটক, শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ অবস্থায় জনস্বার্থে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো ও নামানোর ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের মানুষ।
এ দাবিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) শ্রীমঙ্গল শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী যাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য দেন সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী। তিনি বলেন, হবিগঞ্জ-সিলেট সড়কপথে শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ জনপদ। প্রতিদিন এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ হবিগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। পাশাপাশি শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটনকেন্দ্র হওয়ায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরাও এখানে আসেন।
তিনি বলেন, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। যাত্রীদের স্বার্থ বিবেচনায় অন্তত শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ এবং হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল পর্যন্ত যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহাল করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রীমঙ্গল থেকে এসএসএম পরিবহনের মাধ্যমে সিলেট ও মৌলভীবাজারে যাতায়াতের সুযোগ থাকলেও হবিগঞ্জের সঙ্গে সরাসরি যাতায়াতে বিরতিহীন বাস সার্ভিসের সুবিধা না থাকায় যাত্রীদের বাস পরিবর্তন করতে হচ্ছে। পরিবহন মালিকদের ব্যবসায়িক বিরোধের প্রভাব কোনোভাবেই সাধারণ যাত্রীদের ওপর পড়া উচিত নয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার কারণে শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকার হাজারো মানুষ স্বাভাবিক ও সহজ যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও। শ্রীমঙ্গলের সঙ্গে হবিগঞ্জের সরাসরি যোগাযোগ আরও সহজ হলে দুই অঞ্চলের মানুষের পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে মনে করেন তারা।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো ও নামানোর ব্যবস্থা অবিলম্বে পুনর্বহাল করা; পরিবহন মালিকদের ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ না করা এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করা।
এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সংশ্লিষ্ট বাস মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এ দাবি কোনো ব্যক্তি, বাস মালিক সমিতি বা পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি সাধারণ যাত্রীদের অধিকার ও জনস্বার্থের দাবি। পরিবহন মালিকদের বিরোধের সমাধান করে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গলের ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণের পক্ষে বক্তব্য দেন সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সমিতি, শ্রীমঙ্গলের সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহার রঞ্জন নাথসহ অন্যরা।

নিজস্ব প্রতিবেদক 
























