ডেস্ক রিপোর্ট :: মঙ্গলবার অনুষ্ঠিত হলো স্কারলেট জোহানসন অভিনীত ‘অ্যাস্টেরয়েড সিটি’র প্রিমিয়ার। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়েস অ্যান্ডারসন। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন স্কারলেট, এড্রিয়েন ব্রডি, ব্রায়ান ক্র্যানস্টন, মার্গট রবি ও রুপার্ট ফ্রেন্ড। কিন্তু প্রিমিয়ারে আলো কেড়ে নিয়েছিলেন স্কারলেট। লিংকন থিয়েটার হলের এ প্রিমিয়ারে সিনেমা ছাড়াও নানা বিষয়ে কথা বলেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আমেরিকায় চিত্রনাট্যকারদের আন্দোলন। এ নিয়ে স্কারলেট বলেন, ‘এখান থেকে যা-ই আসুক না কেন, ভবিষ্যতে আয়ের হিসাবটা পুরোপুরি বদলে যাবে।’
হলিউডে চিত্রনাট্যকারদের ধর্মঘট নিয়ে নানা কথাই হচ্ছে। সম্প্রতি টনি অ্যাওয়ার্ডের মঞ্চ থেকেও ধর্মঘটের প্রতি সমর্থন জানানো হয়েছে। সে ধারাবাহিকতায় স্কারলেট জোহানসনও ধর্মঘট নিয়ে কথা বললেন।
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আরো আগে থেকেই কথা হওয়া উচিত ছিল। কেননা আমরা এটা নিয়ে অনেকদিন ধরেই ভাবছি। শেষ পর্যন্ত ভাঙনের সীমান্তে গিয়ে বিষয়টি ঠেকেছিল।’
এমন একটি ঘটনা স্কারলেট কেবল চিত্রনাট্যকারদের জন্যই নয়, বরং সৃষ্টিশীল কাজ করে এমন সবার ক্ষেত্রেই বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের মতো সৃষ্টিশীল কাজ করা প্রতিটি মানুষ অর্থাৎ শিল্পীদের উচিত একাত্ম থাকা। এতে করে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারব।’
এ রকম একটি বিষয় নিয়ে স্কারলেট কথা বলবেন সেটাই স্বাভাবিক। নানা সময়ে হলিউডের তারকা, অভিনেতারা আর্থিক জটিলতায় পড়েছেন। স্কারলেট জোহানসন নিজেও পড়েছিলেন। ডিজনির সঙ্গে মামলা করে রীতিমতো জটিলতায় পড়েন তিনি। এরপর ব্ল্যাক উইডো থেকে সরে যেতে হয়। একমাত্র কারণ না হলেও মামলাটি তার সঙ্গে ডিজনির সম্পর্কের অবনতি ঘটিয়েছে। তিনি একা নন, স্টুডিওর সঙ্গে মামলায় বেশির ভাগ ক্ষেত্রেই কোনো অভিনেতা, শিল্পী সহজে জিততে পারেননি। চিত্রনাট্যকাররাও আর্থিকভাবে পিছিয়ে আছেন। ফলে অন্য সবার মতো স্কারলেটও কথা বলেছেন তাদের পক্ষে।
নিজের আসন্ন সিনেমা নিয়ে তত বেশি আলাপ করেননি ব্ল্যাক উইডো। তবে সিনেমা নিয়ে আশাবাদী ক্র্যানস্টন, ব্রডি ও ফ্রেন্ড। সিনেমাটি মানবিকতা নিয়ে। তাই ক্র্যানস্টন বলেন, ‘ওয়েস অ্যান্ডারসনের এ সিনেমা আমাকে শেখাল মানুষের আশপাশে থাকা কতটা অসাধারণ হতে পারে। বিভিন্ন ধরনের মানুষ একত্র হয়ে কাজ করার মজাই আলাদা। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সিনেমাটি আমাদের দেখাবে মানুষের একাত্মতা।’ ব্রডি বলেন, ‘বর্তমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে সিনেমাটিতে। এগুলো সবই কোনো না কোনোভাবে আমাদের প্রভাবিত করে। তবে এর মধ্যেই কিছু মানুষ একাত্ম হয়ে থাকার সুযোগ খোঁজে।’
অ্যাস্টেরয়েড সিটিতে জোহানসনের সঙ্গে অভিনয় করেছেন মায়া হক, টম হ্যাংকস ও মার্গট রবি। এর মধ্যে মার্গটের সিনেমা ‘বার্বি’ও পিছিয়েছিল এ ধর্মঘটের কারণে।

নিজস্ব প্রতিবেদক 




























