ডেস্ক রিপোর্ট::প্রথমার্ধে এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ। কিন্তু উল্টো পিছিয়ে পড়ার হতাশা সঙ্গী হয় তাদের। লুকা মদ্রিচের পেনাল্টি মিসের পরই গোল খেয়ে বসে ইউরোপের সফলতম দলটি। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হোসেলুর জোড়া গোলে এগিয়ে যায় তারা। শেষ দিকে ম্যাচে নাটকীয় মোড়; সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশা জাগায় ইউনিয়ন বার্লিন। শঙ্কা উড়িয়ে দানি সেবাইয়োসের শেষ মুহূর্তের গোলে জয়ের হাসি ফোটে স্প্যানিশ ক্লাবটির মুখেই।
শতভাগ সাফল্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করেছে রিয়াল। বার্লিনের মাঠে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। আগেই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করা রিয়াল গ্রুপে জিতল ছয় ম্যাচের সবগুলো, পয়েন্ট ১৮। একই সময়ে আরেক ম্যাচে ব্রাগাকে ২-০ গোলে হারানো নাপোলি ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। ব্রাগার পয়েন্ট ৪, বার্লিনের ২।
ঘরের মাঠে শুরু থেকেই দারুণ খেলে বার্লিন। রিয়ালও ছন্দ খুঁজে পেতে খুব একটা দেরি করেনি। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ম্যাচে আধিপত্য করে রিয়ালই। তাতে প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পেনাল্টিও পায় তারা। কিন্তু স্পট কিকে মদ্রিচের সোজাসুজি শট আগেই এক দিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক ঠেকান পা দিয়ে। বার্লিনের বক্সে তাদের ডিফেন্ডার গিয়োগো লেইতের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
পরক্ষণেই রিয়ালকে স্তব্ধ করে এগিয়ে যায় বার্লিন। বক্সের বাইরে বল ক্লিয়ার করার চেষ্টায় পড়ে যান রিয়াল ডিফেন্ডার ডাভিড আলাবা। ভেতরে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন কেভিন ভলান্ড। গোল করার দুয়ারে থেকে রিয়াল প্রথমার্ধ শেষ করে গোল হজম করে।
৬১তম মিনিটে রিয়ালকে স্বস্তির গোলটি এনে দিয়ে সমতা ফেরান হোসেলু। রদ্রিগোর ক্রসে হেডে বল জালে পাঠান ৩৩ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। ১০ মিনিট পর আরেকটি হেডে দলকে এগিয়ে নেন তিনি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে জোরাল শটে সমতা টেনে ম্যাচ জমিয়ে তোলেন অ্যালেক্স ক্রাল। নাটকীয়তার তখনও বাকি। ৮৯তম মিনিটে বেলিংহ্যামের পাস ধরে বক্সে ঢুকে লক্ষ্যভেদে রিয়ালকে জয় এনে দেন সেবাইয়োস।

নিজস্ব প্রতিবেদক 






















