বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে মা শেখ মেহেরুন্নেছা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) করুন মৃত্যু হয়েছে।
গতকাল (৮ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার মোস্তফাপুরে জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুমেল আহমদের গ্রামের বাড়ির বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় শেখ রুমেল আহমদের মা শেখ মেহেরুন্নেছা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) মারা যান।
অগ্নিকান্ডের খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে একটি পেট্রোলের গ্যালনও পাওয়া গেছে বলে জানা যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সরজমিনে জানা গেছে, গত ৫ আগস্টের স্বৈরাচার সরকার পতনের পর থেকে একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন শেখ রুমেল আহমদ। এ সময় তার মৌলভীবাজার শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। শেখ রুমেল আহমদের অজ্ঞাত স্থান থেকে মোঠোফোনে সাংবাদিকের নিকট অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে প্রানে মারার উদ্দেশ্যে
পরিকল্পিতভাবে তার পরিবারের ওপর এ হামলা চালানো হয়েছে। একটি পক্ষের নির্দেশে তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তার মা ও চাচীকে হত্যা করা হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, এ ঘটনার সঙ্গে একটি প্রভাবশালী ও রাজনৈতিক মহলের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যিশু তালুকদার জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা দুই নারী ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সিআইডির বিশেষ টিম কাজ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



























