ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের পেসারদের চোট ও কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিশেষ করে হাসান মাহমুদের চোটের পেছনে টানা ক্রিকেট খেলার প্রভাব দেখছেন তিনি।
তার মতে, হাসানের মতো গুরুত্বপূর্ণ বোলারের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের ৯ উইকেটে হারের পর দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক প্রোটিয়া পেসার।
২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেড় বছর বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
হাসান মাহমুদকে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ থেকে ছিটকে দিয়েছে কনুইয়ের চোট।
তার এই চোটের ধরন টেনিস এলবো, যা বেশ যন্ত্রণাদায়ক বলে জানিয়েছেন ডোনাল্ড। হাসানের চোটের খবর তাকে বিস্মিত করেনি বলেও মন্তব্য করেন তিনি।
ডোনাল্ড বলেন, ‘হাসানের কাউন্টি ক্রিকেটে খেলার সময়টা এবং তার আগে-পরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কথা ভাবুন। এরপর সে মৌসুম শেষ করতে আবার ফিরে গিয়েছিল। কেন্টের হয়ে অনেক ওভার বল করেছে এবং দারুণ পারফর্ম করেছে। তাই এমন কিছু ঘটায় আমি অবাক নই। দুর্ভাগ্যজনকভাবে, টেনিস এলবো অত্যন্ত যন্ত্রণাদায়ক।’
হাসানের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে ডোনাল্ড বলেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে আরেকটি পাঁচ উইকেটের ইনিংসের পর দুর্দান্ত ছন্দে ছিলেন এই পেসার।
তিনি বলেন, ‘হাসান মাহমুদ এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছে। আমার মতে, সে বিশেষ ধরনের একজন বোলার, খুবই দক্ষ। গতি খুব বেশি না হলেও বলের ওজন আছে। সে বাংলাদেশের ভরসার বোলার।’
হাসানের চোটকে শুধু একজন বোলারের অনুপস্থিতি হিসেবে দেখছেন না ডোনাল্ড। তার মতে, টানা ক্রিকেটের চাপের কারণে বাংলাদেশের পেস আক্রমণের গভীরতা নিয়েও এখন প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে নাহিদ রানার চোটও বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
ডোনাল্ড বলেন, ‘এখন বাংলাদেশের জন্য এটা বড় ধাক্কা। হাসান ছিটকে যাওয়ায় এখন কে আসবে? তাসকিন আছে, ইবাদত আছে। তবে ইবাদতকে কিছুটা অস্বস্তিতে মনে হয়েছে। আমি যদি বাংলাদেশের ড্রেসিংরুমে বসে থাকতাম, তাহলে সামনে কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন হতাম।’
নাহিদ রানার চোটও গুরুতর বলে উল্লেখ করেন ডোনাল্ড। তার মতে, হাসান ও নাহিদের মতো গুরুত্বপূর্ণ বোলাররা যখন চোটে পড়েন, তখন দলের জন্য বিকল্প তৈরি রাখা জরুরি হয়ে পড়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের পেসারদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার বিষয়টিও তুলে ধরেন ডোনাল্ড। তার মতে, মাত্র তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্তে বোলারদের ওপর চাপ বেড়েছে। সেই চাপের প্রভাবও দেখা গেছে ম্যাচে।

নিজস্ব প্রতিবেদক 


























