বিনোদন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন- সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ উল্লেখ করে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ খানের আইনজীবী।
সোমবার (২৩ নভেম্বর) কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে এ নোটিশ পাঠানো হয়।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত আম্বানি। তার পাশে ছিলেন শাহরুখ খান।
ভিডিওতে দেখা যায়, কথোপকথনের এক পর্যায়ে অনন্ত ঠোঁটের কাছে আঙুল তুলে শাহরুখকে কিছু ইঙ্গিত করছেন। এই অঙ্গভঙ্গিকে অনেকে অভিনেতাকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ অনন্তের আচরণের সমালোচনা করেন, আবার কেউ ঘটনাটিকে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলে মন্তব্য করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সুবিজ্ঞ শর্মা একটি রিল তৈরি করেন। শাহরুখের আইনজীবীর দাবি, সেখানে করা অভিযোগের কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। এসব বক্তব্য অভিনেতার সম্মান, ভাবমূর্তি ও মর্যাদার ক্ষতি করতে পারে।
আইনি নোটিশে বিতর্কিত রিলটি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 




















