ডেস্ক রিপোর্ট : বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ জন্য কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে হবে বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউস পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করা গেলে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা আরও বাড়বে।
এ ক্ষেত্রে দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি সমন্বয় ও সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। এতে আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
কৃষির উৎপাদনশীলতা বাড়াতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফসল উৎপাদন করতে হবে।
মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদানের ঘাটতি নির্ণয় করে সার প্রয়োগ করা গেলে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।
এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি অঞ্চল ও মৌসুমভেদে কোন ফসল চাষের জন্য কোন এলাকার মাটি উপযোগী, তা চিহ্নিত করে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা বলেন।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।
গত অর্থবছরে রপ্তানি হওয়া কৃষিপণ্যের মধ্যে তাজা ফল ছিল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন।
রপ্তানিকৃত ফলের মধ্যে সবচেয়ে বেশি ছিল আম। গত অর্থবছরে ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। এ ছাড়া কাঁঠাল ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন এবং লেবুজাতীয় ফল ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন রপ্তানি হয়েছে। শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্যও বিদেশে রপ্তানি হচ্ছে।
বাংলাদেশের এসব কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশ।
কমেছে মানসংক্রান্ত অভিযোগ
কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণে কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রমের ফলে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগও উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় প্যাকিং হাউস স্থাপনের আগে বাংলাদেশের রপ্তানিকৃত কৃষিপণ্যের মানদণ্ড প্রতিপালনে অসংগতির বিষয়ে ইইউ থেকে প্রতিবছর ১২০ থেকে ১৭০টি নোটিফিকেশন আসত। প্রতিষ্ঠানটি চালুর পর তা কমে বছরে গড়ে ১৫ থেকে ২০টিতে দাঁড়িয়েছে।
বিশেষ করে আম রপ্তানিতে ভালো অগ্রগতি হয়েছে। কঠোর মান নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা অনুসরণ করে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। এসব চালানের বিপরীতে কোনো নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন পাওয়া যায়নি।
রপ্তানি প্রক্রিয়া আরও নিরাপদ ও আধুনিক করতে ২০১৭-১৮ অর্থবছর থেকে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এ ছাড়া রপ্তানিযোগ্য উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্যের পরীক্ষা, ক্ষতিকর বালাই শনাক্তকরণ এবং কীটনাশকের অবশিষ্টাংশ নির্ণয়ের কাজ করা হচ্ছে। নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহনের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মাধ্যমে রাজস্ব আহরণও বাড়ছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ২১ হাজার ৫১৬টি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দিয়ে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা রাজস্ব আয় হয়েছে। শুধু ২০২৫-২৬ অর্থবছরে ৪ হাজার ৫০৪টি সার্টিফিকেট দিয়ে রাজস্ব এসেছে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় প্যাকিং হাউসের অবকাঠামোগত ও কারিগরি সক্ষমতা, কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে মন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন পরীক্ষাগার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 





















