কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি এলাকা থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় এক মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরির পিছনের জঙ্গল থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পায় গাছে ডালে শাড়ি ঝুলানো। পরে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে দেখা যায় মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে রয়েছে। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে।
মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলীর বড় ছেলে শাহ্আলম দাবি করে বলেন, গাছে ঝুলানো শাড়ি আমার ফুফু হাজেরা বিবির। গত ২৯ জুলাই হাজেরা বিবি নিখোঁজ হন। নিখোঁজের পর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। কঙ্কালের পাশে গাছের সাথে ঝুলানো শাড়ি দেখে সোহেল আহমেদ গত ২৯ জুলাই নিখোঁজ হওয়া তার মা হাজেরা বিবির (৪৮) কঙ্কাল বলে দাবী করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করা হয়েছে। এ কঙ্কালগুলো কার ডিএনও টেস্ট করার পর শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 























