ডেস্ক রিপোর্ট : ছোটবেলায় যার সঙ্গে একবার মাঠে নামার স্বপ্ন দেখেছিলেন, শেষ পর্যন্ত শুধু সেই স্বপ্নই পূরণ হয়নি, লিওনেল মেসির সঙ্গে বিশ্বকাপও জিতেছেন এনসো ফার্নান্দেস। সেই মেসিরই আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের বিদায় নিতে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মনুমেন্টালে হাজারো সমর্থকের সামনে আবেগঘন বিদায়ী বক্তব্য দেন মেসি। গ্যালারির দিকে দাঁড়িয়ে মেসির কথা বলার সময় কান্না ধরে রাখতে পারেননি ফার্নান্দেস।
চেষ্টা করেও নিজের আবেগ সামলাতে পারছিলেন না তিনি।
কারণ, ফার্নান্দেসের কাছে এটি শুধুই জাতীয় দলের আরেকটি ম্যাচ ছিল না।
এটি ছিল সেই মুহূর্ত, যেটি একসময় কল্পনাই করতে চাইতেন না তিনি। ছোটবেলা থেকে যাকে আদর্শ মেনে বড় হয়েছেন, সেই মেসি এবার সত্যিই আর্জেন্টিনাকে বিদায় বলছেন।
২০১৬ সালে মেসি যখন অল্প সময়ের জন্য জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন, তখন ভেঙে পড়েছিলেন ফার্নান্দেস। তখন তার বয়স মাত্র ১৫ বছর। মেসির সঙ্গে কখনো জাতীয় দলে খেলার সুযোগ হবে কি না, তা জানতে নিজের বয়সের সঙ্গে মেসির বয়সের হিসাব কষতে শুরু করেছিলেন তিনি।
মেসি আর কত বছর আর্জেন্টিনার হয়ে খেলতে পারেন, আর ফার্নান্দেসের জাতীয় দলের মূল দলে উঠতে কতটা সময় লাগতে পারে, সেই হিসাবও করেছিলেন। স্বপ্নটা ছিল খুব সাধারণ, জীবনে অন্তত একবার নিজের আদর্শ মেসির সঙ্গে মাঠে নামবেন।
তখন সেই স্বপ্ন প্রায় অসম্ভবই মনে হয়েছিল। কিন্তু মেসি জাতীয় দলে ফিরে আসেন।
এর কয়েক বছর পর সেই ১৫ বছরের কিশোরই আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির পাশে মাঠে নামেন। শুধু এক ম্যাচ নয়, একসঙ্গে অনুশীলন করেছেন, একই ড্রেসিংরুম ভাগ করেছেন, জয়ের আনন্দ উদ্যাপন করেছেন, কঠিন সময়ও পার করেছেন। শেষ পর্যন্ত দুজন মিলে হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন।
তবে ফার্নান্দেসের কাছে মেসির সঙ্গে মাঠ ভাগ করে নেওয়াই সবচেয়ে বড় ব্যাপার ছিল না। মেসি তাকে যেভাবে আপন করে নিয়েছিলেন, সেটিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
মেসিকে উদ্দেশ্য করে ফার্নান্দেস লিখেছেন, ‘আমি জাতীয় দলে আসার মুহূর্ত থেকেই তুমি যেভাবে আমার সঙ্গে আচরণ করেছ, তার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমার আদর্শের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু প্রথম মুহূর্ত থেকেই তুমি আমাকে দলের একজন মনে করেছিলে।’
মেসির বিদায়ে ফার্নান্দেসের আবেগ এতটা তীব্র হওয়ার কারণ যেন এই কথাগুলোতেই পরিষ্কার হয়ে যায়।
ম্যাচ শেষে আবেগঘন রাত নিয়ে ফার্নান্দেস বলেন, ‘সত্যি বলতে, এটি খুব আবেগঘন একটি দিন ছিল। অনেক ধরনের অনুভূতি কাজ করছে। আশা করি, লিও উপভোগ করেছে। আমরা তাকে অনেক মিস করব।’
তবে তার চোখের জলই যেন বলে দিয়েছিল, কথায় যা প্রকাশ করা কঠিন।
পরে মেসিকে একটি আবেগঘন চিঠিও লেখেন ফার্নান্দেস। সেখানে তিনি লিখেছেন, ‘আজকের পরের জাতীয় দলের ক্যাম্পটা তোমাকে ছাড়া কল্পনা করাই আমার জন্য কঠিন। মাঠে নামব আর সামনে তোমাকে দেখতে পাব না, ১০ নম্বর জার্সি পরে।’
বছরের পর বছর সামনে মেসিকে দেখে অভ্যস্ত ফার্নান্দেসের কাছে মেসিবিহীন আর্জেন্টিনার কথা তাই কল্পনা করাও কঠিন।
শেষে নিজের পুরো যাত্রাটাকে যেন এক লাইনে ফিরে দেখেছেন ফার্নান্দেজ, ‘আমি কতটা ভাগ্যবান ছিলাম, লিও।’
এরপর মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘তুমি আমার সঙ্গে যেভাবে আচরণ করেছ, তুমি আমাকে যা শিখিয়েছ এবং তোমার গল্পের একটি অংশ আমার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে অনেক মিস করব, অধিনায়ক।’

নিজস্ব প্রতিবেদক 




























