ডেস্ক রিপোর্ট : আগের টেস্টে ৪০০ রান করা বাংলাদেশ সেঞ্চুরিয়নে এসে গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে। দক্ষিণ আফ্রিকার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা।
তবে তাওহীদ হৃদয় যখন পাল্টা আক্রমণের চেষ্টা করছিলেন, তখনও স্বাগতিকদের পরিকল্পনায় খুব একটা পরিবর্তন আসেনি। বরং তার ব্যাটিংয়ে রান তোলার তাড়না ও অস্থিরতা বুঝতে পেরেই উইকেট নেওয়ার সুযোগ খুঁজছিলেন প্রোটিয়া বোলাররা।
চা-বিরতির আগে হৃদয়কে বেশ আক্রমণাত্মক মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়ার। একের পর এক বড় শট খেলার চেষ্টা করছিলেন বাংলাদেশের এই ব্যাটার।
তবে এমন উইকেটে অতিরিক্ত আক্রমণাত্মক হওয়ার পরিণতি কী হতে পারে, সেটিও জানতেন তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনরিখ নরকিয়া জানান, হৃদয়ের ব্যাটিংয়ের ধরন বুঝেই তাকে ফাঁদে ফেলার পরিকল্পনা সাজিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
এ প্রসঙ্গে প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া বলেন, ‘আমরা বিষয়টি আঁচ করতে পেরেছিলাম। বোঝা যাচ্ছিল, তাঁর মধ্যে অনেক অস্থিরতা কাজ করছিল, রান করার জন্য বেশ মরিয়া ছিলেন তিনি। সাইমনও খুব ভালো বোলিং করেছে। এক-দুটি বাউন্ডারি হলেও উইকেট নেওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছিল।’
হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ের ঝুঁকির কথা উল্লেখ করে নরকিয়া বলেন, ‘এমন উইকেটে, বিশেষ করে এই মুহূর্তে, কেউ যদি এভাবে খেলতে যায়, তাহলে বলতে খারাপ লাগলেও বলতেই হয়, যে-কোনো সময় তার জন্য একটি বল অপেক্ষা করতে পারে!’
হৃদয়কে থামাতে বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং সাজানোতেও সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল দক্ষিণ আফ্রিকার, ‘আমরা বিষয়টি বুঝতে পারার পর কৌশলগতভাবে ভালো বোলিং করেছি এবং তাঁকে আউট করার জন্য ফিল্ডিংও ভালোভাবে সাজানো হয়েছিল।’
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে অবশ্য অবাক হননি এই প্রোটিয়া পেসার। আগের টেস্টে ৪০০ রান করলেও দুই ম্যাচের কন্ডিশন ছিল আলাদা। তাই আগের পারফরম্যান্স দিয়ে এবারের ম্যাচের মূল্যায়ন করতে চান না তিনি। নরকিয়া মতে, টেস্ট ক্রিকেটে যে-কোনো দলই নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারে। সে কারণে প্রতিপক্ষ কী করবে, তা নিয়ে না ভেবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগ ছিল দক্ষিণ আফ্রিকার।
নিজেদের বোলিং পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল অফ স্টাম্পের ওপর বল ফেলা। আর এখন ব্যাটিংয়ে নেমে ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা। বাইরে থেকে হয়ত অনেক কিছু নিয়ে বেশি চিন্তা করা যায়, কিন্তু দলের ভেতরে আমাদের চেষ্টা থাকে সবকিছু যতটা সম্ভব সহজ রাখার।’

নিজস্ব প্রতিবেদক 


























