বিনোদন ডেস্ক :: অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিনেতার মৃত্যুর আগমুহূর্তের বর্ণনা দিয়ে এমনটিই জানালেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার একটি হোটেলে এ ঘটনা ঘটে। সেখানে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অবস্থান করছিলেন সোহেল খান ও অন্য শিল্পীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহরিয়ার নাজিম জয় জানান, শুটিংয়ের জন্য সেদিন পুরো সাদা পোশাকে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তার পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট।
ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। হোটেলের নিচে গাড়িও অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশনের একজন সদস্য তাকে নিতে কক্ষে যান।
জয়ের বর্ণনা অনুযায়ী, রুম থেকে বের হওয়ার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। এরপর তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি উপস্থিত ব্যক্তিরা। সকালে নাশতায় ড্রাগন ফল খাওয়ার কারণে এমনটা হয়েছে কি না, তা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। … প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
অভিনেতা সোহেল খানের এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা।

নিজস্ব প্রতিবেদক 





















