বিনোদন ড্স্কে : রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক মিস আলেকজান্দ্রা এ. খ্লেভনয় জানিয়েছেন রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারি বৃত্তির সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের তরুণদের সামনে উচ্চশিক্ষার নতুন নতুন সুযোগ উন্মোচন করছে।
শনিবার ( ৩১ অক্টোবর) রাশিয়ান হাউস ইন ঢাকা ও সংস্কৃতি-র যৌথ উদ্যোগে ‘আলোয় ভুবন ভরা: রাশিয়ায় রবীন্দ্রনাথের যাত্রা-পত্রাবলি, গান ও মনন’ বিষয়ক একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
১৯৩০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক সোভিয়েত ইউনিয়ন সফরের ৯৬তম বার্ষিকী স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে কবির রাশিয়া-অভিজ্ঞতা, তার ভাবনা এবং দুই দেশের সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্কের তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সোভিয়েত সমাজ সম্পর্কে কবির উপলব্ধি এবং শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা ও সাধারণ মানুষের জীবন সম্পর্কে তার চিন্তাভাবনা বিশেষভাবে আলোচিত হয়।
বক্তব্যে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক সোভিয়েত শিক্ষাব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের গভীর আগ্রহ ও প্রশংসার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার প্রতি কবির এই দৃষ্টিভঙ্গি আজও রাশিয়া ও বাংলাদেশের মধ্যে শিক্ষা সহযোগিতার ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক।
সংগীতের সুরে বাংলা ও রাশিয়ার মেলবন্ধন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বকে আরও প্রাণবন্ত করে তোলে।

নিজস্ব প্রতিবেদক 


























