ডেস্ক রিপোর্ট : আজ থেকে প্রতি ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত হেডওয়ে চালু হলে জানানো হবে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে মেট্রোরেলের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আজ (৩০ মে) মেট্রোরেল ১৫ মিনিট Headway তে (বিরতিতে) চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত Headway চালু হলে জানানো হবে।’
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন জানান, সকালের দিকে ১৫ মিনিট পর পর চলছিল মেট্রোরেল। পরে সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।
সকালে মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় জমে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে অনেকেই মেট্রোরেল না পেয়ে বিকল্প বাহনে যাতায়াত করেন। পরে সোয়া ১০টার দিকে আবার পূর্ব নির্ধারিত বিরতিতেই স্টেশনগুলোতে আসতে শুরু করে মেট্রোরেল।
শেওড়াপাড়া স্টেশন থেকে যাতায়াত করা এক যাত্রী বলেন, মেট্রোরেল বিলম্ব করায় স্টেশনে অনেক ভিড় জমে যায়। অফিসের দেরি হয়ে যাবে মনে করে আমি বাসে রওনা হই। পরে অবশ্য শুনেছি কিছুক্ষণ পরে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 





















