আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক জটিলতা কাটিয়ে আলোচনায় নতুন অগ্রগতি এসেছে।
সোমবার (১ জুন) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।
ট্রাম্প বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় কিছু বাধা তৈরি হয়েছিল।
তবে দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।
তার মতে, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং এর ফলে ইরানের অসন্তোষই আলোচনায় প্রধান প্রতিবন্ধকতা হয়ে উঠেছিল।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে নিজের ভূমিকার কথা তুলে ধরে ট্রাম্প জানান, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও যোগাযোগ করে সামরিক অভিযান থামানোর বিষয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার মধ্যস্থতার পর উভয় পক্ষই সংঘাত কমাতে ইতিবাচক অবস্থান নিয়েছে, যা ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির পথ আরও সুগম করেছে।
ট্রাম্প বলেন, ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সঙ্গে চুক্তি করা সহজ নয়। দীর্ঘদিনের বৈরিতার পর এমন একটি সমঝোতা উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জিং। তবে আমরা ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছি।
প্রস্তাবিত চুক্তির আওতায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।
হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার বিশ্বাস আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সমঝোতা হতে পারে। যদিও এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।
ট্রাম্প আরও মন্তব্য করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এই শান্তি চুক্তি সামরিক বিজয়ের চেয়েও বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের এই সম্ভাব্য অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: এবিসি নিউজ

নিজস্ব প্রতিবেদক 





















