ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হয়েছেন।
আজ শনিবার বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী বিমান দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশ এলডিসি থেকে সহজ উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে। ৫-৯ মার্চ দোহায় অনুষ্ঠিতব্য সম্মেলনে এই গ্রুপের সদস্য রাষ্ট্র হিসেবে এটি ঢাকার শেষ অংশগ্রহণ বলে মনে করা হচ্ছে। কারণ বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ফোরাম থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি এলডিসি ৫ সম্মেলনে তার অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
৮ মার্চ পর্যন্ত কাতারে অবস্থানকালে কাতারের আমিরের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।
এছাড়া তিনি কিউএনসিসি-তে বিনিয়োগ ও অংশীদারত্বের উপর এলডিসি ৫ সম্মেলনে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যাহ্নভোজে যোগ দেবেন। যৌথভাবে বাংলাদেশ, লাওস এবং নেপাল আয়োজিত ‘২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
৬ মার্চ শেখ হাসিনা সেন্ট রেজিস দোহায় ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। তিনি মালাবির প্রেসিডেন্ট ড. ল্যাজারাস ম্যাককার্থি চাকওয়েরার সঙ্গে বৈঠক করবেন।
তিনি কিউএনসিসি-তে ‘স্মার্ট ও উদ্ভাবনী সমাজের জন্য এলডিসিতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ’ শীর্ষক একটি পার্শ্ব ইভেন্টে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি আবাসিক স্থানে আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী ৭ মার্চ বিশেষ অতিথি হিসেবে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক সমন্বয়ে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের সংলাপে যোগ দেবেন। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড্যান জর্জেনসেনের সঙ্গে বৈঠক করবেন এবং ‘সহজ ও টেকসই উত্তরণের জন্য বৈশ্বিক অংশীদারত্ব: স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে অগ্রসর হওয়া’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।
6:50 pm, Tuesday, 21 April 2026
News Title :
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:21:14 am, Saturday, 4 March 2023
- 391 Time View
Tag :
Popular Post

























