ডেস্ক রিপোর্ট : দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অস্থিরতা ও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির যে কোনো পাঁয়তারা কঠোরভাবে নস্যাৎ করা হবে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন সালাহউদ্দিন আহমদ।
আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় আহত সদস্যদের সাহস জোগানোর পাশাপাশি দায়িত্ববোধ ও বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী।
তাদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।
সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা দিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় গুরুতর আহত হওয়া সত্ত্বেও বাহিনীর সদস্যরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। তারা কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক নামধারী কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াও করার ঘোষণা দিয়ে কেউ কেউ দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এসব অপচেষ্টা কখনো সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে পুলিশ সদস্যদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। পুলিশ সদস্যদের চিকিৎসার বড় অংশ আঘাতজনিত হওয়ায় হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং বিশেষায়িত চিকিৎসাসেবার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ক্যানসার ইউনিট বা শাখা খোলার বিষয়েও ইতিবাচক মতামত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আট সদস্য
সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আট পুলিশ সদস্য হলেন- দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।
তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদর ও একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।

নিজস্ব প্রতিবেদক 





















