ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বাংলাদেশ দলের। গোল না হজম করে বড় জয়, সঙ্গে ক্লিনশিটের স্বস্তি; সব মিলিয়ে দারুণ সময় পার করছেন থমাস ডুলির শিষ্যরা।
তবে জয়ের উৎসব দীর্ঘ করার সুযোগ নেই। সামনে সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান।
এই দলকে শ্রীলঙ্কার চেয়েও শক্তিশালী মনে করছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তাই পরের ম্যাচকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিতে চান তিনি।
আজ এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের আগে জামাল বলেন, ‘আমরা চারটি গোল করেছি, এটা ভালো দিক। ক্লিনশিটও রেখেছি।
সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। তবে এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচে। কারণ আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান আরও ভালো দল।’
ফুটবলে একটি দৃষ্টিনন্দন গোলই কখনো কখনো জন্ম দেয় অসংখ্য স্বপ্নের। শ্রীলঙ্কার বিপক্ষে তেমনই এক মুহূর্ত উপহার দিয়েছেন তরুণ ফরোয়ার্ড ফারহান আলী। ডি-বক্সের বাইরে থেকে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ভেতরে ঢুকে তার করা গোলটি মুগ্ধ করেছে দর্শকদের। গ্যালারিতে অনেকে তাকে তুলনা করেছেন লিওনেল মেসি, নেইমার কিংবা লামিন ইয়ামালের সঙ্গে।
তবে ফারহানকে অন্য কারও সঙ্গে তুলনা না করে নিজের পরিচয়েই বড় হতে দেখতে চান অভিজ্ঞ জামাল। জাতীয় স্টেডিয়ামে দেখা সেরা গোলগুলোর তালিকায় হামজা চৌধুরীর বাইসাইকেল কিকের পাশেই জায়গা দিয়েছেন ফারহানের গোলটিকে। জামাল বলেন, ‘বাংলাদেশের যারা সমর্থক আছেন, তারা সবাই বলছেন, আমাদের মেসি, আমাদের লামিন ইয়ামাল। কিন্তু আমি চাই, ফারহান নিজের নামটাকেই বড় করুক। এটা ফারহান আলীর গোল। অন্য কোনো খেলোয়াড়ের নয়, এটা ফারহানেরই গোল।’
টানা ম্যাচের ব্যস্ত সূচিতে দলের প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সেমিফাইনালের আগে পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় থাকা জরুরি। কিন্তু প্রস্তুতির এই সময়ে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের দুই ফুটবলার ছিটকে গেছেন অন্তত এক বছরের জন্য।
এ নিয়ে জামাল বলেন, ‘আমাদের পুরো স্কোয়াডই দরকার। গতকাল ম্যাচ ছিল, আবার দুই দিন পরই ম্যাচ। তাই ব্যাকআপ খেলোয়াড় লাগবেই।’
সাদের চোটের ভয়াবহতা নিয়েও কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘আমি শুনেছি, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। তাই অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হবে।’
তবে চোটের কারণে দলের রক্ষণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে আপৎকালীন সেন্টারব্যাক হিসেবে হৃদয়ের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিচ্ছে কোচ থমাস ডুলিকে।
দলের শক্তির জায়গা হিসেবে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার কথাও উঠে এসেছে জামালের বক্তব্যে। বিশেষ করে সতীর্থ হামজা চৌধুরীর পারফরম্যান্স ও নেতৃত্বে মুগ্ধ তিনি। মাঠে হামজার উপস্থিতি এবং দায়িত্বশীল ভূমিকা দলের অন্য খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করছে বলে মনে করেন অধিনায়ক।
হামজার প্রশংসা করে জামাল বলেন, ‘হামজা সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সেরা খেলোয়াড়। সে আমাদের সবচেয়ে বড় তারকা, দলের সেরা ফুটবলার। ওর জন্য আমি সত্যিই খুব আনন্দিত।’

নিজস্ব প্রতিবেদক 






















