আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে কয়েক সপ্তাহের তীব্র খরায় বিভিন্ন নদী ও হ্রদের পানির স্তর অনেকখানি নেমে যাওয়ায় দীর্ঘদিন নিমজ্জিত থাকা অনেক সম্পদ বের হয়ে আসছে। খরার কারণে ইউরোপের অন্যতম বড় নদী দানিয়ুবের পানির স্তর প্রায় এক শতকের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। এতে ওই নদীর তলদেশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া ২০টিরও বেশি ভাঙাচোরা যুদ্ধজাহাজ দৃশ্যমান হয়েছে।
ধাবমান সোভিয়েত বাহিনীর তাড়া খেয়ে ১৯৪৪ সালে নাৎসি জার্মানির কৃষ্ণসাগরীয় নৌবহরের যে শতাধিক নৌযান দানিয়ুব নদীতে ডুবে গিয়েছিল তার মধ্যে ছিল এই ২০টি যুদ্ধজাহাজও। নদীর পানির স্তর কমে যাওয়ায় এখন এসব জাহাজ দৃশ্যমান হতে শুরু করেছে।
প্রাহোভোর শহরের প্রশাসন জানায়, পূর্ব সার্বিয়ার প্রাহোভোর কাছে দানিউবের একটি অংশে ধ্বংসপ্রাপ্ত ২০টি জাহাজের খোঁজ মিলেছে। এর মধ্যে অনেকগুলোয় গোলাবারুদ ও বিস্ফোরক রয়েছে।
এদিকে ধ্বংসপ্রাপ্ত জাহাজের কারণে ঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা এসব জাহাজের বিস্ফোরক এখনো কার্যকর। এ থেকে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গত মার্চে সার্বিয়ার সরকার হাল্ক উদ্ধার এবং গোলাবারুদ ও বিস্ফোরক অপসারণের জন্য একটি দরপত্র আহ্বান করেছিল। এর খরচ ধরা হয়েছিল ৩০ মিলিয়ন ডলার।

নিজস্ব প্রতিবেদক 




























