অনলাইন ডেস্ক : বাংলাদেশের ‘লিপস্টিক’ নামের একটি সিনেমাতে চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে অভিনয় করার কথা ছিল কলকাতার নায়িকা দর্শনা বণিকের। তবে গত সোমবার রাতে তার জায়গায় সিনেমাটির নায়িকা হিসেবে নেওয়া হয়েছে পূজা চেরিকে।
দর্শনাকে বাদ দিয়ে পূজাকে নায়িকা হিসেবে নেওয়ার ব্যাপারে সিনেমার চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। তবে এ বিষয়ে ভিন্ন কথা জানালেন দর্শনা। দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘ভিসা নিয়ে কোনো জটিলতা নেই। বরং আব্দুল্লাহ জহির বাবু আমাকে ‘অনৈতিক’ প্রস্তাব দিয়েছিলেন, যা আমি ফিরিয়ে দিয়েছি। এজন্য ছবি থেকে বাদ পড়ে যাই।’
দর্শনা বলেন, ‘আব্দুল্লাহ জহির বাবুর সঙ্গে ছবির বিষয়ে সবকিছু মৌখিকভাবে চূড়ান্ত হয় কয়েক মাস আগে। এরপর তারা এ বিষয়টি অ্যানাউন্স করে। এরপর তাদের গত মাসের শেষ দিকে কলকাতা এসে আমাকে সাইনিং করানোর কথা ছিল। কিন্তু তারা আমাকে কিছুই জানায়নি। এরপর ২৮ মে আমি তাকে মেসেজ দিয়েছিলাম আপডেট জানার জন্য। সেসময় তিনি আমাকে প্রযোজকের পক্ষ থেকে রিসোর্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, যেটা আমি সরাসরি নাকচ করি। এরপর তারা কেউ আমাকে আর কিছুই জানায়নি। তবে এই বিষয়টা আমি আশা করিনি।তিনি বলেন, ‘আমি এই ছবিতে থাকছি না, এটাও পরিচালক বা তাদের পক্ষ থেকে কেউ জানায়নি আমাকে। আমি গণমাধ্যমে নিউজ দেখে জানতে পারলাম যে, ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে।রিসোর্টে যাওয়ার প্রস্তাবের অভিযোগের ব্যাপারে আব্দুল্লাহ জহির বাবু বলেন, ‘এটা তো আসলে জোকস ছিল। আমি মজা করছিলাম। এটা তো স্ক্রিনশটেই রয়েছে। আমার প্রযোজক তো তাকে চেনেনই না। দেখেইনি।
‘লিপিস্টিক’ সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান। আগামী ২০ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 


























