বিশ্বজিৎ কর :
সরকার ঘটনের মাত্র চার মাসের মাথায় প্রধানমন্ত্রী হিসাবে বুধবার (১৭ জুন) চায়ের দেশ মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে, সড়ক পথে প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার সদরে পৌঁছে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণসহ সুধি সমাবেশে বক্তব্য রাখবেন। এদিকে জেলার দুটি উপজেলার অনুষ্ঠানকে ঘিরে মাঠ প্রস্তুত এবং মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। তার এ সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে|
এদিকে প্রধানমন্ত্রীর সফর সূচী অনুযায়ী তিনি বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে, সড়ক পথে দুপুর ১টায় প্রথমে মৌলভীবাজার জেলার চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সেখানে ১৫২ জন নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরন অনুষ্ঠানে অংশ নেবেন। পরে সেখান থেকে দুপুর ২টা ৩০ মিনিটে সড়ক পথে মৌলভীবাজার সদর উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে সেখানে আয়োজিত রাজনগর উপজেলার জন্য বারদ্ধকৃত ১৫৫ জন নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণসহ সুধি সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর সাড়ে তিনটায় স্থানীয় দুসাই রির্সোটে বিশ্রাম ও সেখানে দলীয় নেতাদের নিয়ে রাজনৈতিক সভা যোগ দিবেন। পরে বিকেল ৫টা ৪৫ মিনিটে সড়ক পথে সিলেটের উদ্দোশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে চলছে ব্যাপক প্রস্তুতি| অনুষ্ঠানস্থল দুটি সাজিয়ে তোলা হচ্ছে নতুন আঙ্গিকে| টানা বৃষ্টির কারণে কাদাময় হয়ে পড়া মাঠে বালু ফেলে সমতল করা হচ্ছে| মঞ্চ নির্মাণ, প্রবেশপথ সংস্কার, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে| জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে|
এদিকে জাতীয় নির্বাচনের অল্প কয়েক দিন আগে তিনি মৌলভীবাজারের আইনপুর এলাকায় নির্বাচনী জনসভায় বলেছিলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে দল সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হিসাবে আসবো। ফলে মাত্র চার মাসের মাথায় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
সফর উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে| জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল জানান, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমšি^তভাবে কাজ করছে| নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন|
এদিকে প্রধানমন্ত্রীর কাছে মৌলভীবাজার বাসীর দীর্ঘদিনের দাবী একটি মেডিক্যাল কলেজ, মৌলভীবাজার সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, শমসেরনগর বিমানবন্দর চালু করা, প্রস্তাবিত মিরপুর শ্রীমঙ্গল হয়ে শেরপুর বাইপাস সড়ক নির্মানসহ পর্যটন এলাকার জন্য বিভিন্ন উন্নয়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দুই উপজেলার নির্বাচিত সংসদ সদস্য।
এ প্রসঙ্গে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর মৌলভীবাজারবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ| ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে| শ্রীমঙ্গল থেকে কর্মসূচির উদ্বোধন হওয়ায় আমরা গর্বিত| আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জেলার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশাগুলোর বাস্তবায়নের পথ আরও সুগম হবে|

নিজস্ব প্রতিবেদক 





















