বিনোদন ডেস্ক :: বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারকে রাজধানীর বনানীতে মায়ের কবরে দাফন করা হয়েছে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হয়।
দুপুরে দিকে শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয়েছে এফডিসিতে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানান তার সহকর্মী ও প্রিয় মানুষেরা। সেখানে প্রথম জানাজা হয়। এরপর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য জীবনে তিনি ২০ হাজারের বেশি গান লিখেছেন। চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা এবং চিত্রনাট্য রচনার ক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কারসহ শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন নন্দিত এই গানস্রষ্টা।

নিজস্ব প্রতিবেদক 
























