মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছে। তবে মিছিল চলাকালেই ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসের নগর সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার আগমন ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যানারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. ফেরদৌসুর রহমান বাপ্পী এবং একই এলাকার সেবুল মিয়ার ছেলে মো. আরমান হোসেন।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিছিলে থাকা অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে।

নিজস্ব প্রতিবেদক 


























