ডেস্ক রিপোর্ট :: রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতসহ বিভিন্ন প্রযোজ্য খাতে বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা ও রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষার নিয়মে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি নতুন ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদনপত্রগুলো ব্যাংকের নিয়মিত হিসাব নিরীক্ষায় নিয়োজিত ফার্মের সমসংখ্যক অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে।
রোববার (৫ জুলা্ই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ব্যাংকের নিয়মিত অডিট ফার্মের সমসংখ্যক নিরীক্ষা ফার্ম ব্যাংক নিজে থেকেই নিয়োগ করতে পারতো।
নতুন ২০২৬-২৭ অর্থবছরের জন্যেও এই নিয়ম বহাল থাকবে, তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১-এর অনাপত্তি গ্রহণ করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যাংকের যদি এই নির্ধারিত সংখ্যার চেয়েও অতিরিক্ত নিরীক্ষা ফার্মের প্রয়োজন হয়, তবে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না।
সেজন্য অতিরিক্ত ফার্ম নিয়োগের যৌক্তিকতা, অতীতে ওই ব্যাংকে সংশ্লিষ্ট ফার্মের কাজের অভিজ্ঞতা, নগদ সহায়তা ও রপ্তানি ভর্তুকির কেসের সংখ্যা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্যসহ বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষেই কেবল অতিরিক্ত ফার্ম নিয়োগ দেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত পূর্ববর্তী সার্কুলারগুলোর অন্যান্য সব নির্দেশনা আগের মতোই যথারীতি বহাল থাকবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এই নির্দেশনা অবিলম্বে অবহিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক 





















