ডেস্ক রিপোর্ট :কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ নাটক দুটি প্রচারের পর পেয়েছিল দর্শকপ্রিয়তা। বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছিল নাটক দুটি। এবার আগেরই দুই নাটকের সিকুয়াল আনছেন অমি। নাটকের নাম ‘লাভ বাজ’। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটকটি প্রচার হবে আজ চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
‘লাভ বাজ’ নাটকের পোস্টার প্রকাশ হয়েছে সম্প্রতি। পোস্টারে কালো পোশাকে দেখা মিলেছে জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাফা কবির, পারসা ইভানা ও সাইদুর রহমান পাভেলের। লাভ বাজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, শাশ্বত দত্ত, আরফান মৃধা শিবলু।
নাটকটি নিয়ে কাজল আরেফিন অমি বলেন, ‘এ ফ্র্যাঞ্চাইজির গল্পটা আসলে বন্ধুত্বের। প্রথমে তাদের মধ্যে একটা ব্যাড বাজের গল্প দেখিয়েছি, এরপর গুড বাজ এসেছে। তো দুটি গল্পেই বন্ধুত্বের জায়গাটা বেশি ফোকাস করেছিলাম। এবার তাদের মধ্যকার লাভ অ্যাঙ্গেলটা তুলে ধরতে চাই। সে কারণে ভালোবাসা দিবসে প্রচারের সিদ্ধান্ত।’ অন্যদিকে লাভ বাজের পোস্টার প্রসঙ্গে নির্মাতা জানান, পোস্টারটি প্রকাশের পর দর্শকের কাছ থেকে নতুনভাবে সাড়া পাচ্ছেন।
‘ব্যাড বাজ’ ও ‘লাভ বাজ’-এ দেখা গিয়েছিল বেড়াতে গিয়ে বন্ধুদের নানা মজার মজার ঘটনা। থাকে কাপলদের গল্প। এবার লাভ বাজে কী থাকছে জানতে চাইলে অমি বলেন, ‘আগের গল্পের চরিত্রগুলোর এখন কী অবস্থা, সে বিষয়ই তুলে ধরেছি। তাদের জীবনের নতুন পরিবর্তনও দেখা যাবে।’
আগের গল্পগুলোয় দেখা যায়, ইরার বিয়ে হতে গিয়েও হচ্ছিল না। এবার তার বিয়েকে কেন্দ্র করে ক্রাইসিস ইমোশন ফ্রেন্ডশিপ ফান নিয়ে নতুন গল্পে নির্মিত হয়েছে লাভ বাজ। ইরা চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। নির্মাতা অমি জানান, চ্যানেল আইতে সন্ধ্যায় প্রচারের পর আজ রাত ৯টায় ক্লাব ইলেভেনের ইউটিউবে পাওয়া যাবে লাভ বাজ।

নিজস্ব প্রতিবেদক 



























