ক্রীড়া ডেস্ক :: প্রথম পর্বে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী, লিজেন্ডস-এর চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে সুপার লিগ শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি শিরোপায় চোখ রেখেই।
সুপার লিগের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে ৭২ রানে হারিয়ে শিরোপার কক্ষপথে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব আরো একটি হার্ডল পেরিয়েছে।
সোহানের অবিশ্বাস্য ম্যাচ উইনিং সেঞ্চুরিতে (১১৮ বলে ১৩২*) এক ওভার হাতে রেখে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপার সুবাস পাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মোহামেডান থেকে মিউচ্যুয়াল ক্লিয়ারেন্সে মুশফিক-মিরাজকে পেয়ে শেখ জামাল ধানমন্ডির শক্তি বেড়ে গেছে অনেক। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে মিরাজ করেছেন অলরাউন্ড পারফর্ম (৩/৪০ ও ৪৩)। চলমান লিগে মুশফিক প্রথম খেলতে নেমে করেছেন ৩২ রান (৪২ বলে ৪ চার)। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফেরা ঘরের ছেলে সোহান এদিন একাই গড়ে দিয়েছেন দু’দলের মধ্যে ব্যবধান।
ঢাকার ক্লাব ক্রিকেটে বেশ ক’টি ম্যাচ উইনিং ইনিংস আছে নূরুল হাসান সোহানের। তবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোহানের এদিনের ইনিংসটা ছাপিয়ে গেছে অতীতের সব ইনিংসকে। রূপগঘ্জ টাইগার্সের ২৪৭/৬ স্কোরের জবাব দিতে এসে এক পর্যায়ে শেখ জামাল ধানমন্ডির স্কোর ৮১/৫।
সেখান থেকে ৬ষ্ঠ উইকেট জুটিতে মিরাজকে সঙ্গে নিয়ে ১২৪ রান যোগ করে দলকে দিয়েছেন অপ্রত্যাশিত জয় উপহার। হাফ সেঞ্চুরিতে লেগেছে ৬৫ বল। লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরিতে লেগেছে ১০৯ বল। শেষ ৯ বলে করেছেন সোহান ৩২। রান আউটে মিরাজ (৭৪ বলে ৪৩) কাঁটা পড়ার পর শেষ ১২ বলে ২৩ রানের টার্গেটটা কঠিন মনে হচ্ছিল।
তবে রূপগঞ্জ টাইগার্স পেস বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ’কে ৪৯তম ওভারে পাড়া-মহল্লা মানের বোলারে নামিয়ে এনেছেন। ওই ওভারে নিয়েছেন তিনি ২৬ রান। ওভারটি ছিল এমন-৪,৬,০,৪,৬,৬!! নতুন বলে শেখ জামাল ধানমন্ডির দুই টপ অর্ডারকে ফিরিয়ে দেয়া মুগ্ধ করেছেন খরুচে বোলিং (১০-১-৭২-২)।
এই জয়ে শেখ জামাল ধানমন্ডির সংগ্রহ ১২ ম্যাচে ২২ পয়েন্ট। রূপগঞ্জ টাইগার্সের সেখানে ১২ ম্যাচে ১০ পয়েন্ট। আগামী ২৪ এপ্রিল প্রাইম ব্যাংককে শেখ জামাল হারিয়ে দিলে এবং সেদিন আবাহনীর কাছে লিজেন্ড হেরে গেলে সেদিনই শিরোপা উৎসবে ফেটে পড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
রূপগঞ্জ টাইগার্স : ২৪৭/৬ (৫০.০ ওভারে)
শেখ জামাল ধানমন্ডি : ২৫১/৬ (৪৯.০ ওভারে)
ফল : শেখ জামাল ধানমন্ডি ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : নূরুল হাসান সোহান (শেখ জামাল ধানমন্ডি)।

নিজস্ব প্রতিবেদক 


























