আকরামুল রাজ্জাক চৌধুরী,কমলগঞ্জ: কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে দুর্বৃত্তরা ৭১টি একাশিয়া প্রজাতির ছায়া বৃক্ষ কেটে ফেলেছে। গত ২২ এপ্রিল গভীর রাতে বাগানের ১৮ থেকে ২০ নম্বর সেকশনের প্রধান সড়কের দুই পাশে থাকা এসব গাছ কেটে ফেলে রাখা হয়।
এর আগে ২ এপ্রিল ৩টি ও ১৬ এপ্রিল আরও একটি ছায়া বৃক্ষ চুরি হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।
ঘটনার পর সংশ্লিষ্ট চৌকিদারদের জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মিরতিংগা চা বাগানের ডেপুটি ব্যবস্থাপক রেজাউল হায়াত খান (ইমন) বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে বাগানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। চা শ্রমিক নেতারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 





















