ডেস্ক রিপোর্ট :: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরত আসার চেষ্টা করছে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আপনারা ইদানীং যা দেখছেন, আওয়ামী লীগ তো রাজনীতি শুরু করেনি, আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এটাকে কোনোভাবেই রাজনীতি নাম দিতে চাই না।
তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরত আসার চেষ্টা করছে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়।
ভারতে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার সীমান্ত এলাকা পরিদর্শন প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, নানক সাহেবরা বর্ডার দেখার জন্য গিয়েছিলেন, এটা আওয়ামী লীগের খুব হালকা ব্লাফ পলিটিক্স। কারণ, আওয়ামী লীগ যখন তথাকথিত তাদের ভাষায় আন্দোলন ডেকেছিল, গোপালগঞ্জে হয়েছিল। এখানে এই চারজন নেতার নিজস্ব এলাকায়, যেমন মায়া সাহেবের চাঁদপুর, বাহাউদ্দিন নাছিমের কালকিনি, আলাউদ্দিন নাসিমের নোয়াখালী বেল্ট, নানক সাহেবের মোহাম্মদপুর—এসব জায়গায় আমরা কোনো আন্দোলন দেখতে পাইনি।
তথ্যমন্ত্রী বলেন, আমার মনে হয়, এটা ইন্টারনাল পলিটিক্সের জন্য, রিলেভেন্ট থাকার জন্য হঠাৎ করে তারা পার্টি পলিটিক্সের জন্য একটু বর্ডার ঘুরে আসছেন।
দেশে ফেরত আসতে শেখ হাসিনার বিমান চাওয়ার বিষয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, আপনারা-আমরা সবাই জানি, প্রচলিত আইনে বিচার হবে এবং এরকম কোনো সুযোগ বাংলাদেশে নেই। এ ধরনের কোনো আনরিজনেবল রিকোয়েস্ট বাংলাদেশ সরকার এক্সেপ্ট করবে, এটা আসলে হাস্যকর। সুতরাং প্রচলিত আইনেই তিনি আসবেন। যদি আসেন, তার বিচার হবে অথবা আমরা যেভাবে চাচ্ছি, বন্দি বিনিময় চুক্তি বা আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেভাবে আমরা আনার চেষ্টা করে যাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক 





















