ডেস্ক রিপোর্ট:একসময় ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় জুড়েই খেলেছেন নামীদামী সব ক্লাবের হয়ে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ছুঁয়েছেন সফলতার চূড়া। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলে নিজের দক্ষতার পাশাপাশি নিজের শখের কারণেও বেশ পরিচিত। এবার নিজের শখ পূরণ করতে গিয়েই প্রতিবেশীদের বিরক্তির কারণ হয়েছেন তিনি।
ইউরোপিয়ান ফুটবলের পরিসর ছেড়ে রোনালদোর ঠিকানা এখন সৌদি আরবে। প্রো লিগের দল আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি। ক্যারিয়ার জুড়ে খেলার পাশাপাশি নিজের শখ পুরণেও কখনো পিছিয়ে ছিলেন না তিনি। বাড়ি,গাড়ি, ব্যক্তিগত জেট প্লেন থেকে শুরু করে কোটি টাকার দামের ঘড়িও আছে তাঁর। এবার নিজ দেশ পর্তুগালের রাজধানী লিসবনে নিজের থাকার জন্য বিলাসবহুল এক বাড়ি নির্মাণ করছেন তিনি। আর তাতেই অসুবিধার মুখে পড়েছেন তাঁর প্রতিবেশীরা।
প্রায় চারশ কোটি টাকা খরচ করে লিসবনে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন রোনালদো। ২০২০ সালে সে বাড়ির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। দুই বছরের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও আরো একবছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এ বাড়ি নির্মাণের ফলে সমস্যার মুখে পড়েছেন আশেপাশের বাসিন্দারা। নির্মাণকাজের শব্দ এবং ধূলাবালিতে তাদের জীবন অতীষ্ঠ বলে জানিয়েছেন তারা। এক প্রতিবেশী বলেন, এ বাড়ির কাজ তিন বছর ধরে চলছে। বাড়িটা এত বড় যে দেখে মনে হয় কোনো হাসপাতাল। ধূলোয় আমাদের বাগান ভর্তি হয়ে যায়। সবকিছুর জন্য ফারাও রোনালদোর এই বাড়িই দায়ী।
রোনালদোর এ বাড়িতে বিলাসিতার সব উপকরণই থাকবে বলে জানা গেছে। এমনকি থাকবে কাচের তঈরি বিশাল সুইমিংপুল যার তলদেশ দিয়ে থাকবে হাঁটার রাস্তা। ক্যারিয়ারের শেষে হয়তো পরিবার নিয়ে এখানে নির্জনে নিজের বসবাসের জন্যই এমন পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক 




























