ডেস্ক রিপোর্ট:ঈদে সরকারি ছুটি শেষ হয়েছে দুই দিন আগে। ঈদুল আজহার ষষ্ঠ দিন মঙ্গলবারও নাড়ির টানে গ্রামে ছুটে যাওয়া মানুষজন ব্যস্ত নগরীতে ফিরছেন। সকাল থেকে গাবতলী ও কল্যাণপুর এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। অতিরিক্ত ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার লক্ষ্যই এসব মানুষ রাজধানীতে ফিরছেন। আবারও কেউ আসছেন জরুরি প্রয়োজনে।
উত্তরের বিভিন্ন জেলা থেকে সোমবার রাতে যারা রওনা হয়েছিলেন তারা আজ সকালে সাভার, আশুলিয়া, বাইপাইল, গাজীপুর, গাবতলী ও মহাখালীতে পৌঁছেছেন। তবে আসার পথে তেমন কোনো ভোগান্তি বা ঝক্কিঝামেলা ছিল না। লোকজন বাস থেকে নেমেই বাসায় ছুটতে শুরু করেছেন। আবার অনেককে সরাসরি কর্মস্থলে যেতে দেখা গেছে।
সকালে গাবতলী বাস টার্মিনাল, মাজার রোড ও মহাখালী এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল ও মাজার রোডে বাস কর্মীদের তেমন কোনো হাঁকডাক নেই। নেই যাত্রী তোলার প্রতিযোগিতা। উত্তরের জেলাগুলো থেকে আসা বাসগুলো গাবতলী সড়কে আসছে আর নীরবে যাত্রী নামিয়ে চলে যাচ্ছে। এসব বাস দুপুরের আগে আবার উত্তরের পথে রওনা হবে।
দিনাজপুরের পার্বতীপুর থেকে ঢাকায় আসেন রাকিবুল হাসান। তিনি মিরপুরে একটি সফটওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। আহাদ পরিবহনে আসা রাকিব বলেন, পথে তেমন কোনো ভোগান্তি ছিল না। মাঝপথে দুই-এক জায়গায় হালকা কিছু গাড়ির জট ছাড়া অনেকটা নির্বিঘ্নেই এসেছি।
তার সঙ্গে আসা আরেক যাত্রী সুজন বলেন, ‘আজ কাজে যোগ দিতেই হবে। ছয়দিন ছুটি কাটালাম। এমন লম্বা ছুটি কখনো পাইনি। তাই আজ সকাল সকাল ঢাকায় ফিরেছি।
সকাল সাতটার পর থেকেই উত্তরের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাসগুলো গাবতলীতে ঢুকছে। তবে বেশিরভাগ বাসে যাত্রী নেই বললেই চলে। কারণ জানতে গিয়ে বাস সংশ্লিষ্টরা বলেন, ‘আজ যারা বাসে এসেছেন তাদের বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক। আশুলিয়া, সাভার, আমিনবাজার, বাইপাইল ও গাজীপুর এলাকায় নেমে যাওয়ায় ঢাকায় গাড়িতে যাত্রী কম ছিল।
গাবতলীতে এখন আজ যারা ফিরেছেন তাদের অধিকাংশ কর্মজীবী। কেউ সরকারি আবার কেউ বেসরকারি চাকরি করেন। যাত্রী নামিয়ে বাসগুলো মাজার রোড ও কল্যাণপুরে চলে যাচ্ছে। অধিকাংশ বাসের কাউন্টার গাবতলীতে হওয়ায় যাত্রীদের সেখানেই নামানো হচ্ছে।
হানিফ পরিবহনের বাসচালকের সহকারী আলাল জানান, তার গাড়ি রংপুর শহর থেকে এসেছে। যাত্রী ভরা ছিল। তবে পথে তেমন কোনো ঝামেলা ছিল না।
গত বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।

নিজস্ব প্রতিবেদক 






















