অনলাইন ডেস্ক: বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর ড. আবদৌলায়ে সেক বলেন, বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের প্রতি এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিশ্বব্যাংক কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর ড. আবদৌলায়ে সেক। তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের প্রতি এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে মঙ্গলবার ইআরডি অফিসে দেখা করার পর আবদৌলায়ে সেক এসব কথা বলেন।
বিশ্বব্যাংকের এ কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের বিশ্বব্যাংক গ্রুপের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিশ্বব্যাংক এবং বাংলাদেশের মধ্যে ১৯৭২ সাল থেকে ৪২ বিলিয়নের বেশি ইউএস ডলারের প্রতিশ্রুতিসহ দীর্ঘস্থায়ী শক্তিশালী অংশীদারত্ব অব্যাহত রাখতে কাজ করতে প্রস্তুত।’বাংলাদেশের ঋণ পরিশোধের ক্ষমতা নিয়ে কোনো উদ্বেগ আছে কি না জানতে চাইলে সেক বলেন, ‘এটি কখনই উদ্বেগের বিষয় ছিল না। গত ৫০ বছর ধরে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার।’
তিনি বলেন, ‘আমি যেভাবে বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষমতায় কাজ করেছি তাতে বাংলাদেশের জন্য এটি কখনই উদ্বেগের বিষয় নয়। সুতরাং আমি মনে করি, এই দেশের এটা নিয়ে গর্ব করা উচিত।’

নিজস্ব প্রতিবেদক 




























