ডেস্ক রিপোর্ট : চলতি ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দেয় আফগানিস্তান। গত রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে গোটা ক্রিকেট বিশ্বকেই চমকে দেয় তারা। এমনকি যেকোনো ফরম্যাটের ক্রিকেটে এটাই ছিল ইংলিশদের বিপক্ষে আফগানদের প্রথম জয়। আর সব মিলিয়ে ওয়ানডে বিশ্বকাপে ১৮ ম্যাচের চেষ্টায় মাত্র দ্বিতীয় জয় এশিয়ান দলটির।
ইংলিশ বধের পর আজ তাদের সামনে আরেক বড় দল নিউজিল্যান্ড। টানা তিন জয় তুলে নেয়া কিউইরা রয়েছে অনবদ্য ফর্মে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে যাত্রা কিউইদের। এরপর তারা টানা হারায় নেদারল্যান্ডস ও বাংলাদেশকে। গত দুই বিশ্বকাপের রানার্সআপ দলটি টানা চতুর্থ জয়ের খোঁজে নামছে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। দুর্বার কিউইদের কি থামাতে পারবেন আফগানরা?
যুদ্ধবিধ্বস্ত দেশটি সম্প্রতি দুই দফায় ভূমিকম্পে বিপর্যস্ত হয়। তাতে দুই হাজারের মতো মানুষের প্রাণহানি ঘটে। আফগান দলের কোচ জোনাথন ট্রট ইংল্যান্ড ম্যাচের আগের দিন বলছিলেন, ভূমিকম্পে বিপর্যস্ত আফগানদের জন্য আনন্দ বয়ে আনতে চান রশিদ খান, মুজিব-উর-রহমান, মোহাম্মদ নবিরা। তারা কথা রেখেছেন। বীরত্বপূর্ণ ক্রিকেট খেলে ইংল্যান্ড দলকে পরাজিত করার গৌরবে ভাসিয়েছেন দেশকে।
ইংল্যান্ডের বিপক্ষে দিল্লিতে পাওয়া সে জয় ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করার পাশাপাশি জাগিয়ে তোলে আফগান ক্রিকেট দলকে।
ইংল্যান্ডকে হারিয়ে দেয়ার পর নিশ্চিতভাবেই আফগানিস্তানকে ছোট করে দেখার অবকাশ নেই কিউইদের জন্য। বিশ্ব ক্রিকেটে এখনো ‘ছোট’ দলের তকমা পেলেও নিজেদের সেরা দিনে তারা যে বড় দলকে হারিয়ে দিতে পারে, সে প্রমাণ এরই মধ্যে রেখেছেন আফগান ক্রিকেটাররা। বুধবার আরেকবার ক্রিকেট বিশ্বকে নাড়া দেয়ার সুযোগ আফগানদের সামনে।
অবশ্য বিশ্বকাপে দুবারের দেখায় কখনই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি আফগানিস্তান। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ৬ উইকেটে ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ৭ উইকেটে আফগানদের হারায় কিউইরা। উল্লেখ্য, ওই দুটি আসরেই ফাইনাল খেলে নিউজিল্যান্ড ও দুবারই পরাজিত হয়।

নিজস্ব প্রতিবেদক 




























